নারায়ণগঞ্জে ওসির ওপর হামলা

জেলা ও মহানগর বিএনপির সেক্রেটারিসহ গ্রেপ্তার ৫

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ০১:৩২ এএম

নারায়ণগঞ্জে বিজয় দিবসের দিন সকালে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এসআই ছাইফুল ইসলাম বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি করেন। এতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১৯ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।

এ ঘটনায় গত সোমবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদ ও মহানগরের সাধারণ সম্পাদক এটিএম কামালসহ ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে রাকিব, কামরুল ও মামুন নামে স্বেচ্ছাসেবক দলের ৩ কর্মীকে ওইদিন সকালে হামলার পর ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়। আর মামুন মাহমুদ ও এটিএম কামালকে রাত সাড়ে ১২টার দিকে তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার তাদের সবাইকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন জেলা বিএনপি সভাপতি কাজী মনিরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজীব, সিনিয়র সহসভাপতি সাখাওয়াত হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, সহসাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সজল, মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, জেলা ছাত্রদল সভাপতি মশিউর রহমান রনি, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু মেম্বার, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম ছক্কু, স্বেচ্ছাসেবক দলের নেতা জিয়াউল ইসলাম জিয়া, বিএনপি নেতা আকরাম প্রধান, লিংকন, মঞ্জু প্রমুখ।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান দেশ রূপান্তরকে জানান, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে বিএনপির ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর দুই নম্বর রেলগেট এলাকায় বিএনপির বিজয় দিবসের র‌্যালিতে লাঞ্ছিত হন সদর থানার ওসি (তদন্ত) জয়নাল আবেদীন। ওই সময় তার ইউনিফর্ম ধরে টানাটানি ও তাকে মারধর করে বিএনপির কর্মীরা। এ ঘটনায় বিএনপির তিন নেতাকর্মীকে ঘটনাস্থল থেকেই আটক করে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত