সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
বৃহস্পতিবার ভোর ৬টার দিকে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের হরিণচড়া এলাকায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ঢাকুর গ্রামের ট্রাক চালক রাজু আহমেদ (২৮) ও একই উপজেলার কুন্দারহাট গ্রামের খোকন আলীর ছেলে হেলপার হামজালা রনি (২২)।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সাদিকুল ইসলাম জানান, ভোরে হরিণচড়া এলাকায় ঢাকাগামী শ্যামলী পরিবহনের সঙ্গে রাজশাহীগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ট্রাকের চালক রাজু নিহত হন। আহত হেলপার রনিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। এ ছাড়া দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়।
এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এসআই সাদিকুল।
