মাদারীপুরে শিশুকে হত্যার পর পুকুরে ফেলার অভিযোগ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ০২:৩৪ পিএম

মাদারীপুরে কবুতর চুরির ঘটনাকে কেন্দ্র করে ৭ বছর বয়সী এক শিশুকে পিটিয়ে হত্যা করে পুকুরে ফেলে রাখার অভিযোগ উঠেছে প্রতিবেশী আজিজুল মাতুব্বরের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে মাদারীপুর শহরের পূর্ব-রাস্তি এলাকায় ওসমান গনির মামা মাসুদ ফকিরের বাড়িতে।

নিহত ওসমান গনি মাদারীপুর সদর উপজেলা ঘটমাঝি ইউনিয়নে উত্তর ঝিকরহাটি গ্রামে মাসুদ সরদারের ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেল থেকে ওসমানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করার পর রাত ১টার দিকে বাড়ির পাশে একটি পুকুরে ওসমান গনি লাশ দেখতে পায় তার পরিবারের লোকজন।

ওসমানের বাড়ি উত্তর ঝিকরহাটি হলেও ছোটবেলা থেকেই তার মামা মাসুদ ফকিরের কাছে থেকে পড়াশুনা করতো।

ওসামানের মামা কবুতর পালন করতেন। সেই কবুতর গতকাল এমদাদ মাতুব্বরের ছেলে আজিজুল মাতুব্বর নামে পাশের বাড়ির একজন চুরি করেন। পরে দুটি কবুতর ও একটি টর্চলাইট যেটা ওসমান ব্যবহার করতো সেটা তাদের বাড়ি থেকে পাওয়ার পরেই ওসামানের লাশ পুকুর থেকে পাওয়া যায়। বর্তমানে অভিযুক্ত পরিবার পলাতক রয়েছে।

নিহতের মামা মাসুদ ফকির জানান, ওসমান আমার বাড়িতে থেকে পড়াশুনা করতো। গতকাল বিকেল থেকে ওসমানকে পাওয়া যাচ্ছিল না। পরে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের একটি পুকুর থেকে গভীর রাতে আমার ভাগিনার লাশ উদ্ধার করে পুলিশ।

এর আগে আমার পালিত কবুতর ও একটি টর্চ লাইট পাশের বাড়ির আজিজুলের বাড়ি থেকে উদ্ধার করা হয়।

মাদারীপুর সদর থানার ওসি মো. সওগাতুল আলম বলেন, ‘লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। পরিবারের অভিযোগে সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত