কুড়িগ্রামের উপর দিয়ে শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। হিমেল বাতাসে কাবু হয়ে পড়েছে গোটা জেলার মানুষ। বিশেষ করে ৮০টি চরের মানুষ প্রচণ্ড ঠান্ডায় কষ্ট পাচ্ছেন।
বৃহস্পতিবার কুড়িগ্রামের বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়- মাঠে ঘাটে, শহরে, বাজারে মানুষের সমাগম ছিল খুবই কম। চরম দুর্ভোগ আর কষ্টে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর, শিশু ও প্রবীণরা।
আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার কুড়িগ্রামে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বুধবারের চেয়ে ১ ডিগ্রি কম। এ অবস্থা আরও দুই থেকে তিন থাকবে বলে আভাস দিয়েছেন, জেলার রাজারহাট আবহাওয়া অফিসের ইনচার্জ সুবল চন্দ্র সরকার।
এদিকে জেলায় গত দুদিন সূর্যের মুখ দেখা যায়নি। এ অবস্থায় ৩১ জন শিশু ডায়রিয়ায় ও ১০ জন শ্বাসতন্ত্রের অসুখ নিয়ে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। কুড়িগ্রাম সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক শাহীনুর রহমান সরদার রোগী ভর্তির তথ্য নিশ্চিত করেছেন।
জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তর জানায়, শীতার্ত মানুষের মধ্যে বিতরণের জন্য প্রায় ৫২ হাজার কম্বল জেলার সব উপজেলাগুলোতে পাঠানো হয়েছে।
