সিরাজগঞ্জে দেবে গেছে সেতু: ১০ জেলায় যান চলাচল ব্যাহত

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ০৮:২৭ পিএম

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাতী ব্রিজের মাঝের অংশ গত বুধবার বিকেলে হঠাৎ দেবে যায়। ঢাকা-বগুড়া মহাসড়কের ওই সেতুর ওপর দিয়ে উত্তরাঞ্চলের ১০ জেলার প্রায় ১০ হাজার যানবাহন চরম ঝুঁকি নিয়ে চলাচল করলেও একপর্যায়ে রাতে সেতুটি দিয়ে ভারী যান চলাচল বন্ধ করে দেয় সড়ক ও জনপথ বিভাগ। এখন হালকা যানবাহন চলছে সেতুটি দিয়ে।

বৃহস্পতিবার সকাল থেকে ব্রিজের পাশে বিকল্প রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। সেতুটি দেবে যাওয়ায় উত্তরের লাখ লাখ যাত্রীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ বিষয়ে রায়গঞ্জের সুলতান মাহমুদ, আশরাফ আলী, আতিক হোসেন, সোহেল রানা, জাকির হোসেন ও আবদুল মালেক জানান, কংক্রিটের ব্রিজটি দিয়ে বগুড়া, নওগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও লালমনিরহাটের অন্তত ১০ হাজার যানবাহন প্রতিদিন ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও দক্ষিণাঞ্চলে যাতায়াত করে।

ব্রিজটি দীর্ঘ দিন ধরেই ঝুঁকিপূর্ণ হওয়ায় পাশেই অপর একটি কংক্রিটের ব্রিজ নির্মাণের কাজ চলছে। এর ৫০ শতাংশ কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। বাকি কাজ শেষ হতে আরও তিন-চার মাস লাগবে।

তারা বলেন, হঠাৎ গত মঙ্গলবার রাতে ব্রিজটির দুটি স্থানে ফাটল দেখা দেয়। এ অবস্থায়ও বুধবার বিকেল পর্যন্ত ওই ব্রিজ দিয়ে ধীরগতিতে যানবহন চলাচল করছিল। কিন্তু ব্রিজটির বেশ কিছু অংশ দেবে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে বুধবার রাত থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ ব্রিজ দিয়ে যানবহন চলাচল বন্ধ করে দিয়েছে। ফলে এ সড়কে চলাচলকারী শত শত যানবাহন যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছে। বিকল্প রাস্তা হিসেবে যানবাহনগুলো রায়গঞ্জ উপজেলার ১৬ মাইল নামক স্থান দিয়ে উপজেলার ধানগড়া রোড হয়ে চলাচল করছে।

এ ছাড়া নাটরের বনপাড়া সড়ক হয়ে সব যানবাহন যাতায়াত করতে বলা হয়েছে। আর ব্রিজটির পাশে একটি ডাইভারশন রোড় নির্মাণকাজ শুরু করা হয়েছে। দুই-চার দিনের মধ্যে এই সড়ক দিয়ে যানবহন চলাচল করতে পারবে বলে কর্তৃপক্ষ আশা করছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম জানান, ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় এ অংশ দিয়ে যানচলাচল বন্ধ করা হয়েছে। এই ব্রিজের পাশে নির্মাণাধীন আরও একটি ব্রিজের কাজ চলছে। অন্যদিকে এর পাশ দিয়ে একটি ডাইভারশন রাস্তা তৈরি করা হচ্ছে। আশা করছি দুই-তিন দিনের মধ্যে এটি নির্মাণ হয়ে যাবে। এটি হলে এ সমস্যা দূর হয়ে যাবে।

এ বিষয়ে সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আক্তারুজ্জামান বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়কটি বন্ধ থাকার কারণে বঙ্গবন্ধু সেতুর সয়দাবাদ ও কড্ডা থেকে উত্তরাঞ্চলের গাড়িগুলো বিকল্প রাস্তা দিয়ে যাতায়াতের নির্দেশ দেওয়া হয়েছে। এতে কিছুটা যানজট সৃষ্টি হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত