ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের কড়া সমালোচনায় হেফাজত

আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ০৯:৫৩ পিএম

ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের কড়া সমালোচনা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

এক সংবাদ বিবৃতিতে হেফাজতের পক্ষ থেকে বলা হয়, ভারত যে আইন করেছে তা তা মূলত মুসলমানদের একঘরে করে ভারতকে হিন্দুকরণ করার ঘৃণ্য প্রয়াস।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা আহমদ শফী এসব বলেন।

আহমদ শফী বলেন, ‘মোদি সরকার ক্ষমতায় আসার পর থেকে মুসলমানদের ওপর যেভাবে জুলুম-নির্যাতন চালাচ্ছে তা পরিষ্কার রাষ্ট্রীয় নীতি ও মানবাধিকার লঙ্ঘনের শামিল। মোদি সরকারের বিরুদ্ধে মুসলমানদের পাশাপাশি যেভাবে সাধারণ জনগণ ফুঁসে উঠেছে তা বিজেপি সরকারের প্রতি চরম অনাস্থা ও ক্ষোভের বহিঃপ্রকাশ। ভারতের মুসলমান প্রচণ্ড ধৈর্যশীল। তবে এ কথা ভুলে গেলে চলবে না, মুসলমান ধৈর্যশীল তবে ভীরু নয়’।

হেফাজতের আমির বলেন, ‘ভারতের দীর্ঘ ইতিহাস, ঐতিহ্য ও অবদানে মুসলমানদের নাম মিশে আছে। ভারতের ঐতিহাসিক প্রায় স্থাপত্য মুসলমানদের তৈরি। চাইলেই এসব মুছে দেওয়া যায় না। ভারতীয় মুসলমানদের কাছে পুরো বিশ্ব ঋণী’।

আহমদ শফী আরো বলেন, ‘নরেন্দ্র মোদি ক্ষমতা গ্রহণ করার পর থেকে ভারতীয় মুসলমানরা চরম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছে। ভারতকে গণতান্ত্রিক রাষ্ট্র ও সাম্প্রদায়িক সহাবস্থানের দেশ দাবি করলেও শুধু মুসলিম হওয়ার অপরাধে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হচ্ছে’।

তিনি বিবৃতিতে আরো বলেন, ‘মানবপ্রাচীর তৈরি করে মন্দির পাহারা দেওয়ার নজির আমরা দেখিয়েছি। বাংলাদেশে সংখ্যালঘুরা সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা ভোগ করে বসবাস করছে। অথচ ভারতে এর উল্টো চিত্র আমরা দেখতে পাচ্ছি’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত