ভারতে তথ্য পাচার গ্রেপ্তার কনস্টেবল রিমান্ডে

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ০৩:২৪ এএম

দেশ থেকে গুরুত্বপূর্ণ তথ্য ভারতে পাচারের মামলায় গ্রেপ্তার বেনাপোল ইমিগ্রেশনের সাবেক পুলিশ কনস্টেবল দেব প্রসাদ সাহার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার সকালে ১০ দিন রিমান্ড চেয়ে তাকে যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে বিচারক সাইফুদ্দিন হুসাইন পাঁচ দিন মঞ্জুর করেন। গত ১৫ ডিসেম্বর বেনাপোল বন্দর থানার ওসি মামুন খান বাদী হয়ে বেনাপোল থানায় দেব প্রসাদের বিরুদ্ধে ভারতে তথ্য পাচারের জন্য রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে মামলাটি করেন। গত ১৮ ডিসেম্বর বুধবার রাতে তাকে গ্রেপ্তার করে গতকাল আদালতে হাজির করে বন্দর থানা পুলিশ।

মামলার এজাহারে বলা হয়েছে, দেব প্রসাদ সাহা এখন ঢাকার উত্তরা ১ নম্বর আমর্ড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত। তিনি খুলনার তেরখাদা উপজেলা সদরের সুরেন্দ্রনাথ সাহার ছেলে। ২০১৪ সালের ২৭ ডিসেম্বর থেকে ২০১৮ সালের ১৭ আগস্ট পর্যন্ত তিনি বেনাপোল ইমিগ্রেশনে কর্মরত ছিলেন। সেখানে থাকাবস্থায় তিনি যখন-তখন নো ম্যান্স ল্যান্ড অতিক্রম করে ভারতে যাওয়া-আসা করতেন। ইমিগ্রেশনে দায়িত্ব পালনকালে ভারতের সেনাবাহিনীর অফিস সহকারী আবু হানজালা রানা ও সৈনিক শাহনেওয়াজ শাহিনের সঙ্গে তার পরিচয় ও সুসম্পর্ক গড়ে ওঠে। তারা দুজন বেনাপোলে মাঝেমধ্যে এসে ভারতের এস চক্রবর্তী ও পিন্টু নামে দুজনের কাছে বাংলাদেশের গোপনীয় ও গুরুত্বপূর্ণ তথ্যপাচার করতেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত