কঙ্গনা রনৌত অনেক দিন বক্স অফিসে সাফল্যের মুখ দেখেননি। তারপরও তার হাতে কাজের অভাব নেই। এমনকি বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকধারী নায়িকা হিসেবে দাবি করেন নিজেকে।
কিন্তু ফোর্বস ম্যাগাজিন বলছে উল্টো কথা। বরং দেড় বছর ধরে কোনো ছবিতে না থাকা দীপিকা পাড়ুকোনের আয় কঙ্গনার কয়েক গুন বেশি।
ফোর্বসের ‘টপ হান্ড্রেড সেলিব্রিটি’র তালিকায় উঠে এসেছে ২০১৯ সালের ধনী তারকাদের নাম। সেখানে ৭০ নম্বরে রয়েছেন কঙ্গনা। সাময়িকীটির হিসাব অনুযায়ী ২০১৯ সালে কঙ্গনার আয় ছিল মাত্র সাড়ে ১৭ কোটি রুপি।
এই তালিকা ও কঙ্গনার অর্থের হিসাবকে মিথ্যা বলে দাবি করলেন বোন রঙ্গোলি চান্দেল। টুইটারে তিনি লেখেন, “ফোর্বস ইন্ডিয়া এক নম্বরের প্রতারক। আমি ওদের খোলাখুলি চ্যালেঞ্জ করছি। কোনো একজন সেলেবের উপার্জনের প্রমাণ দিক তারা। সবটাই পিআর। কঙ্গনার যে আয় এখানে দেখানো হয়েছে, তার চেয়ে বেশি আয়কর দেয় ও। কোন ভিত্তিতে এই আয়ের হিসেব করা হয়েছে? ফোর্বস ইন্ডিয়া জবাব দাও।”
রঙ্গোলি আরও দাবি করেন, তার বোন এ বছর কত রোজগার করেছে, সঠিক হিসাব তার কাছেও নেই। একমাত্র অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট এবং কঙ্গনা নিজে জানেন পুরো হিসাব।
এদিকে আয়ের দিক থেকে চলতি বছরে বলিউডের সবাইকে ছাড়িয়ে গেছেন অক্ষয় কুমার। ২০১৯ সালে ২৯৩.২৫ কোটি রুপি আয় করেছেন তিনি। ২২৯.২৫ কোটি রুপি আয় করে তার পরের অবস্থানটি সালমান খানের।
শীর্ষ দশে এবারই প্রথমবারের মতো দুজন নারী অভিনেত্রী স্থান করে নিয়েছেন। আলিয়া ভাট আছেন অষ্টম স্থানে ও দীপিকা পাড়ুকোন আছেন দশম স্থানে। শাহরুখ খান আছেন ষষ্ঠ অবস্থানে। অন্যদিকে বলিউড তারকা রণবীর সিং সপ্তম স্থানে।
তালিকাটি এমন- বিরাট কোহলির আয় ২৫২.৭২ কোটি রুপি, অমিতাভ বচ্চন ২৩৯.২৫ কোটি, এম এস ধোনি ১৩৫.৯৩ কোটি, শাহরুখ খান ১২৪.৩৮ কোটি, রণবীর সিং ১১৮.২ কোটি, আলিয়া ভাট ৫৯.২১ কোটি, শচীন টেন্ডুলকার ৭৬.৯৬ কোটি এবং দীপিকা পাড়ুকোন ৪৮ কোটি রুপি।
