কারাগারে হাজতির মৃত্যু, শরীরে আঘাতের চিহ্ন

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ১২:৫১ এএম

থানা পুলিশের মারধরের পর গত বৃহস্পতিবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে আলমগীর হোসেন (৩৮) নামে এক যুবক মারা গেছেন বলে অভিযোগ করেছেন তার স্বজনরা। গতকাল শনিবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত হয়।
এতেও ওই যুবকের পশ্চাতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
এ ঘটনায় মামলা করবেন জানিয়ে আলমগীরের ভাই রাজ্জাক বলেন, ‘পরিবার নিয়ে আলমগীর উত্তরা ১০ নম্বর সেক্টর ফুলবাড়িয়া এলাকায় থাকত। প্রাইভেট কার চালিয়ে সংসার চালাত সে। গত ১৬ ডিসেম্বর গাড়ি চালিয়ে বাসায় ফেরার সময় ১১ নম্বর সেক্টর থেকে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে ধরে নিয়ে যায়। পরদিন আদালতে নেওয়ার সময় আলমগীর খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। পুলিশ তাকে মারধর করেছে।’
ময়নাতদন্ত শেষে ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ বলেন, ‘আলমগীরের পশ্চাতে আঘাতের চিহ্ন রয়েছে। তবে অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই। হৃৎপিণ্ডটি আকারে বড়। মনে হচ্ছে, হার্টের সমস্যা ছিল। তার রক্ত, ভিসেরাসহ হার্টের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। প্রতিবেদন এলে মৃত্যুর কারণ জানা যাবে।’ এদিকে অভিযোগ সত্য নয় বলে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ওসি তপন চন্দ্র সাহা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত