ছয় বছরের চাচাতো বোনকে ধর্ষণ, অভিযুক্তের বাবা-ভাই আটক

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ১২:৩২ পিএম

পঞ্চগড় জেলার সদর উপজেলায় ছয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রবিবার বিকেলে বিস্কুটের লোভ দেখিয়ে বাঁশ বাগানে নিয়ে ধর্ষণ করে তারই আপন চাচাতো ভাই আশরাফুল ইসলাম (২৩)।

শিশুটি বর্তমানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকে আশরাফুল ইসলাম পলাতক। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তের বাবা রফিকুল ইসলাম ও ছোট ভাই নাইমুরকে আটক করেছে।

মামলার এজাহার, পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে বাড়ির পাশে খেলার সময় ওই শিশুটিকে একা পেয়ে কোলে করে পার্শ্ববর্তী বাঁশ বাগানে নিয়ে যায় এক সন্তানের জনক আশরাফুল ইসলাম (২৩)। সেখানে তাকে ধর্ষণ করে। শিশুটি চিৎকার করলে সে তার মুখ চেপে ধরে।

এ সময় রক্তক্ষরণ শুরু হলে শিশুটিকে সেখানে ফেলে পালিয়ে যায় আশরাফুল। পরে শিশুটি সেখান থেকে কোনোরকমে বাসায় ফিরে আসে। তার জামা কাপড়ে রক্ত দেখতে পেয়ে জিজ্ঞাসাবাদে সে আশরাফুলের নাম বলে।

পরে শিশুটিকে নিয়ে তার পরিবারের লোকজন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে চিকিৎসা দেন এবং হাসপাতালে ভর্তি করান। খবর পেয়ে সন্ধ্যায় পঞ্চগড় থানা-পুলিশ শিশুটিকে হাসপাতালে দেখতে যান এবং চিকিৎসার খোঁজখবর নেন।

হাসপাতাল থেকে অভিযুক্তের বাবা রফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। রবিবার রাতেই পঞ্চগড় সদর থানায় ওই শিশুটির মা বাদী হয়ে আশরাফুল ইসলামকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেছেন।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সহকারী সার্জন ডা. উম্মে হোমায়রা জানান, শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষা করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ধর্ষণের আলামত সংগ্রহ করা হয়েছে। রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শিশুটির মা বলেন, ভয়ে আমার মেয়ে আঁতকে আঁতকে উঠছে। নিজের চাচাতো ভাইয়ের কাছে আমার মেয়ে নিরাপদ না, আমরা যাবো কোথায়। সে যেন আর কোনো শিশুর সঙ্গে এমন আচরণ করতে না পারে এ জন্য ধর্ষককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. জামাল হোসেন জানান, জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তের বাবা ও ছোট ভাইকে আটক করা হয়েছে। পলাতক অভিযুক্ত আশরাফুলকে গ্রেপ্তারে অভিযান চলছে।

পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী জানান, শিশুটির সব রকমের চিকিৎসাসেবার ব্যবস্থা করা হয়েছে। আরও যা প্রয়োজন সবই করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত