সোনারগাঁয়ে স্ত্রীর পরকীয়ায় স্বামীর আত্মহত্যা

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৯, ০৭:৪০ পিএম

সোনারগাঁয়ে স্ত্রীর পরকীয়ায় গলায় ফাঁস দিয়ে সোহেল (৩২) নামের এক গার্মেন্টস শ্রমিক আত্মহত্যা করেছে । রবিবার সকালে উপজেলার কাঁচপুর সেনপাড়া এলাকায় এ  ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতের ছোট ভাই তায়েফ হাসান বাদী হয়ে  সোমবার দুপুরে সোনারগাঁ থানায় আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেছে। মামলা দায়েরের পর পুলিশ সোহেলের স্ত্রী লিপি আক্তারকে (২৪) গ্রেপ্তার করেছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ জেলার হরিণাপাটি গ্রামের সোহেল তার স্ত্রী লিপি আক্তারকে নিয়ে কাঁচপুর সেনপাড়া এলাকার মজিবরের বাড়িতে বাসা ভাড়া করে গার্মেন্টসে কাজ করত। তার স্ত্রী লিপি আক্তারও গার্মেন্টস শ্রমিক। গার্মেন্টসে কাজ করার সুবাদে লিপি আক্তার একাধিক ব্যক্তির সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিল। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত।

গত ২১ ডিসেম্বর রাতে পুনরায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্ত্রী লিপি তার স্বামীকে অকথ্য ভাষায় গালাগালি করে তালাক দেওয়ার জন্য চাপ দেয়। সোহেল অপমান সহ্য করতে না পেরে রবিবার সকালে বাথরুমের ভেন্টিলেটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। 

খবর পেয়ে সোনারগাঁ থানা-পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের ছোট ভাই তায়েফ হাসান বাদী হয়ে নিহতের স্ত্রী লিপি আক্তারকে আসামি করে সোনারগাঁ থানায় আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেছে।

লিপি আক্তার কুমিল্লা জেলার ভাঙ্গুরা থানার পাকদেওড়া গ্রামের  হিরণ মিয়ার মেয়ে।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, সোহেলের আত্মহত্যার প্ররোচনার ঘটনায় তার ছোট ভাই বাদী হয়ে মামলা করেছে। ঘটনার সঙ্গে জড়িত লিপিকে গ্রেপ্তার  করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত