এবার ভেঙে দেওয়া হলো ইব্রাহিমোভিচের মূর্তির নাক

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ১২:৪৫ পিএম

নিজ শহরের ক্লাব মালমোতেই ফুটবলে হাতেখড়ি হয়েছিল জ্লাতান ইব্রাহিমোভিচের। এই ক্লাবেই পেশাদার ফুটবলে অভিষেক হয়েছিল তার। কিন্তু সম্প্রতি ক্লাবটির চির প্রতিদ্বন্দ্বী হ্যামারবাইয়ে বিনিয়োগ করার ঘোষণা দেন ইব্রাহিমোভিচ। এরপর থেকে বিপন্ন তার জীবন।

এবার মালমোর স্টেডিয়ামের বাইরে অবস্থিত ইব্রাহিমোভিচের একটি মূর্তির নাক ভেঙে ফেলা হয়েছে। কে বা কারা এমনটা করেছে তা জানা যায়নি।

হ্যামারবাইয়ের ২৫ শতাংশ শেয়ার কিনে নিয়েছেন ইব্রাহিমোভিচ। নিজেদের সাবেক খেলোয়াড়ের এমন সিদ্ধান্ত মোটেও মেনে নিতে পারছে না মালমো সমর্থকরা। হ্যামারবাইয়ে ইব্রাহিমোভিচের বিনিয়োগের ঘোষণার দিনই স্টোকহোমে হিব্রাহিমোভিচের বাড়িতে ভাঙচুর চালানো হয়।

ওই দিনই সাড়ে তিন মিটার উঁচু সুইডিশ এই ফুটবলারের একটি মূর্তিতে অসম্মান জানায় মালমো সমর্থকরা। রং ছড়িয়ে দেওয়া হয় মূর্তিটিতে, মূর্তিটির হাতে ঝুলিয়ে দেওয়া হয় টয়লেটের একটি সীট।  ইব্রাহিমোভিচকে বিশ্বাসঘাতক বলে উল্লেখ করে মালমো সমর্থকেরা।

এবার আয়াক্স, জুভেন্তাস, ইন্টার মিলান, বার্সেলোনা, এসি মিলান, পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলা ৩৮ বছর বয়সী এই ফুটবলারের মূর্তির নাক ভেঙে দেওয়া হলো। মালমো সমর্থকরাই এ ঘটনা ঘটিয়েছে বলে জোর ধারণা।

এ ধরনের ভাঙচুর না করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন মূর্তিটির ভাস্কর পিটার লিন্ডে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত