শিক্ষার্থীদের ওপর পরীক্ষার চাপ কমানোর উপায় বের করতে নির্দেশ প্রধানমন্ত্রী

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৯, ০৬:১৩ পিএম

প্রাথমিক শিক্ষার্থীরা খেলাধুলা করার জন্য আরও বেশি সময় পায় সে জন্য তাদের ওপর থেকে পরীক্ষার চাপ কমানোর উপায় বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার জাতীয় অর্থনীতি পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ১৪তম বৈঠকে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকে ঢাকা মহানগরী ও পূর্বাচলে সরকারি প্রাথমিক স্কুলের অবকাঠামোগত উন্নয়নের ১ হাজার ১৫৯ দশমিক ২১ কোটি টাকা অনুমোদন দিয়েছে। খবর বাসসের।

পরিকল্পনামন্ত্রী বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক শিক্ষার্থীদের ওপর থেকে পরীক্ষার চাপ কমানোর উপায় বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। এর ফলে শিশুরা খেলাধুলা করার জন্য আরও বেশি সময় পাবে।

এম এ মান্নান বলেন, আজ মোট ৪ হাজার ৬১১ দশমিক ৬২ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে মোট ৯টি প্রকল্পকে অনুমোদন দেয়া হয়েছে। মোট ব্যয়ের মধ্যে ৪ হাজার ৪৬৬ দশমিক ১২ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে সংগ্রহ করা হবে। অবশিষ্ট ২৪৫ দশমিক ৫০ কোটি টাকা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে।

অনুমোদিত নয়টি প্রকল্পের মধ্যে সাতটি নতুন ও অন্য দু’টি সংশোধিত প্রকল্প।

পরিকল্পনামন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন শিক্ষা অধিদপ্তর ২০২৪ সালের ডিসেম্বর মাসের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের এই প্রকল্প বাস্তবায়ন করবে।

বৈঠকে ৯৪৪ দশমিক ৮০ কোটি টাকা ব্যয়ে অপর একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পটির আওতায় নেত্রকোনা ও সুনামগঞ্জের হাওর এলাকাগুলোর নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন করা হবে।

মূল প্রকল্পে ৫২টি ছাত্রদের হোস্টেল, ৩১টি ভবন, একটি শিক্ষকদের ডরমিটরি, ও ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানের সীমানা প্রাচীর নির্মিত হবে।

পরিকল্পনামন্ত্রী বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় উন্নয়ন নিশ্চিত করার লক্ষে নেত্রকোনা ও সুনামগঞ্জ ছাড়াও হাওর এলাকার অবশিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও এই প্রকল্পের আওতায় আনার পরামর্শ দেন।

আজকের একনেক সভায় ৯৪৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে ‘হাওর এলাকার নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের উন্নয়ন’ শীর্ষক অন্য একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য ৫২টি আবাসিক হল, ৩১টি বহুতল ভবন, শিক্ষকদের জন্য একটি ডরমিটরি এবং ৩১ শিক্ষাপ্রতিষ্ঠানের সীমানা প্রাচীর নির্মাণ করা হবে।

চামড়া শিল্পনগরী,চতুর্থ সংশোধিত প্রকল্পে ৬৩ কোটি ১৫ লাখ টাকা ব্যয় কমানোর প্রসঙ্গ উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন,এই প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে অনেক সময় চলে গেছে,তবে আশা করছি আগামী ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন হবে।

তিনি জানান,চামড়া শিল্পনগরীর নিকটবর্তী এলাকায় যারা চামড়া শিল্প পণ্যের কারখানা করতে আগ্রহী তাদের জমি বরাদ্দসহ প্রয়োজনীয় উপকরণের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

একনেকে ৩৯২ কোটি টাকা ব্যয়ে অনুমোদিত ‘নারায়ণগঞ্জের খানপুরে অভ্যন্তরীণ কন্টেইনার এবং বাল্ক টার্মিনাল নির্মাণ’ প্রকল্পের বিষয়ে এম এ মান্নান বলেন,কন্টেইনার হ্যান্ডেলিংয়ের অতিরিক্ত চাহিদার কারণে পানগাঁও টার্মিনালের পাশাপাশি আরও একটি টার্মিনাল নির্মাণের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। এর প্রেক্ষিতে এই প্রকল্পটি একনেক অনুমোদন করেছে।

একনেকে অনুমোদিত অন্য প্রকল্পসমূহ হচ্ছে-মোংলা বন্দরের আধুনিক বর্জ্য ও নিঃসৃত তেল অপসারণ ব্যবস্থাপনা প্রকল্পের খরচ ধরা হয়েছে ৪০১ কোটি ২৪ লাখ টাকা। সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন,বিশুদ্ধ পানি সরবরাহ ও অবকাঠামো নির্মাণ প্রকল্পে ব্যয় হবে ১ হাজার ২২৮ কোটি টাকা। ফরিদপুর টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন প্রকল্পের ব্যয় হবে ৬০ কোটি ৩৯ লাখ টাকা। মিরপুর সেনানিবাসে ডিএসসির জন্য অফিসার্স মেস ও বিওকিউ নির্মাণ প্রকল্পের খরচ ধরা হয়েছে ১৫৮ কোটি ৬১ লাখ টাকা। এছাড়া দেশে বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান প্রকল্পের খরচ ধরা হয়েছে ২৬৭ কোটি ৩৫ লাখ টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত