আবাসন ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি ফ্ল্যাটের নিবন্ধন ফি কমানোর বিল সংসদের আগামী অধিবেশনে এটি উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম।
মঙ্গলবার দেশের আবাসন শিল্প খাতের সবচেয়ে বড় আয়োজন শীতকালীন আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বলেন, ‘ফ্ল্যাটের নিবন্ধন ফি কমানোর বিল আগামী সংসদ অধিবেশনে উঠবে। এ বিষয়ে আইনমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। বিলটি এখন ভেটিংয়ে আছে। সংসদের আগামী অধিবেশনে এটি উপস্থাপন করা হবে।’
প্রসঙ্গত, আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব দীর্ঘদিন ধরে ফ্ল্যাট ও প্লটের রেজিস্ট্রেশন বা নিবন্ধন ব্যয় কমানোর দাবি করে আসছে। নিবন্ধন ব্যয় কমানো হলে সাধারণ ক্রেতারা কিছুটা স্বস্তি পাবেন এবং ফ্ল্যাটের ব্যবসা বাড়বে বলে সংশ্লিষ্টদের ধারণা।
ফ্ল্যাট ও প্লটের নিবন্ধন ফি বর্তমানে ১৪ থেকে ১৬ শতাংশ। এই উচ্চ ব্যয়ের কারণে অনেক ক্রেতাই ফ্ল্যাট বা প্লট নিবন্ধনের আগ্রহ দেখান না।
