র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৯, ০২:৫৫ এএম

কক্সবাজারের টেকনাফ ও পাবনা সদর উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছেন। র‍্যাবের ভাষ্য, গতকাল মঙ্গলবার ভোররাতে পৃথক এ ঘটনা ঘটে। টেকনাফে নিহত মো. রুবেল (২২) ইয়াবা মামলার পলাতক আসামি ছিলেন। তিনি উপজেলার জাদিমোরা জুম্মাপাড়ার মো. সিদ্দিকের ছেলে। আর পাবনায় নিহত আমিন শেখ (৪০) হত্যা ও ডাকাতিসহ ১১টি মামলার আসামি। তার বাড়ি সদর উপজেলার পয়দা গ্রামে।

র‍্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহাতাব জানান, মঙ্গলবার ভোররাত ৪টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের বড় হাবিরছড়া নতুন মেরিন ড্রাইভ এলাকা দিয়ে মাদক ও ইয়াবার একটি বড় চালান আসার সংবাদ পেয়ে র‌্যাব-১৫ এর একটি বিশেষ টহল দল সেখানে যায়। উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা এলোপাতাড়ি গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাবও গুলি ছুড়ে। কিছুক্ষণ পর তারা পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি দেশি ওয়ান শুটারগান, ১০ হাজার পিস ইয়াবা, তিন রাউন্ড তাজা কার্তুজ, বন্দুকের দুটি খালি খোসা এবং গুলিবিদ্ধ রুবেলকে উদ্ধার করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে পাবনা র‌্যাব-১২, সিপিসি-২ এর দায়িত্বপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার ভোররাতে পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালের সামনে মহাসড়কে ডাকাতির প্রস্তুতির সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় একদল ডাকাত। পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ আমিন শেখের লাশ উদ্ধার হয়। বন্দুকযুদ্ধে দুই র‍্যাব সদস্য আহত হয়েছেন জানিয়ে আমিনুল বলেন, ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, দুটি ধারালো অস্ত্র ও ছয় বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত