বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিবিপিএল) প্রথম দুই পর্বের খেলা শেষ। ঢাকা ও চট্টগ্রাম পর্বে হয়ে যাওয়া এই দুই পর্বের ২০ ম্যাচ শেষে বোলিং তালিকায় শীর্ষে একজন বাংলাদেশি। তিনি তরুণ বাঁহাতি পেসার মেহেদী হাসান রানা। তবে ব্যাটিংয়ে দাপট বিদেশিদের। সেরা পাঁচে একমাত্র বাংলাদেশি ইমরুল কায়েস, যার অবস্থান পঞ্চম।
মঙ্গলবার শেষ হয়েছে বিপিএলের দ্বিতীয় পর্ব তথা চট্টগ্রাম পর্বের খেলা। শুক্রবার থেকে ঢাকায় শুরু হবে আসরের তৃতীয় পর্ব। তার আগে বিপিএলের পরিসংখ্যান বলছে এখন পর্যন্ত দুই শর ওপরে রান করতে পারা সাত ক্রিকেটারের মধ্যে বাংলাদেশর কেবল দুজন।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইমরুল কায়েস ৭ ম্যাচে ২৩৫ রান করে আছেন পঞ্চম স্থানে। ৭ ইনিংসে তার গড় ৩৯.১৬, স্ট্রাইক রেট ১৪১.৫৬। দুটি ফিফটি হাঁকিয়েছেন, সর্বোচ্চ ৬২।
অন্যদিকে সপ্তম স্থানে থাকা তামিম ইকবাল ৫ ম্যাচে ৫ ইনিংসে ২০৪ রান করেছেন। দুটি ফিফটি হাঁকিয়েছেন ঢাকা প্লাটুনের এই ওপেনার। সর্বোচ্চ ৭৪, গড় ৫১.০০।
সর্বোচ্চ রান সংগ্রাহকের এই তালিকায় শীর্ষ নামটি ডেভিড মালান। কুমিল্লা ওয়ারিয়র্সের এই তারকা নিজের শেষ ইনিংসেই সেঞ্চুরি হাঁকিয়েছেন। মঙ্গলবার রাজশাহী রয়্যালসের বিপক্ষে অপরাজিত ১০০ রান করেন তিনি। এবারের আসরের দ্বিতীয় সেঞ্চুরিয়ান তিনি। ৬ ম্যাচে তার মোট রান ৩০০। একটি সেঞ্চুরির সঙ্গে রয়েছেন একটি ফিফটি। গড়- ৭৫.০০।
৫ ম্যাচে ম্যাচে তিন ফিফটিতে ২৫৯ রান নিয়ে তালিকায়র দ্বিতীয় স্থানে আছেন খুলনা টাইগার্সের রাইলি রুশো। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের চ্যাডউইক ওয়ালটন ৭ ম্যাচে ২৪০ রান নিয়ে তৃতীয় স্থানে।
৬ ম্যাচে ২৩৬ রান করে চতুর্থ স্থানে আছেন সিলেট থান্ডারের জনসন চার্লস। সমান ম্যাচে ২২১ রান করে ষষ্ঠ স্থানে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের আভিষ্কা ফার্নান্দো।
