ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে লেখা এক কংগ্রেস নেতার চিঠিতে কৃষিতে নিযুক্ত নারী শ্রমিকদের ভয়াবহ দুর্দশা উঠে এসেছে। তিনি জানান, মজুরি পেতে হাজার হাজার মহিলা শ্রমিক জরায়ু কেটে বাদ দিচ্ছেন।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হচ্ছে, ওই কংগ্রেস নেতা বিষয়টি আমলে নিয়ে উপযুক্ত ব্যবস্থা নিতে বলেছেন মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরেকে। তবে সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
কিন্তু জরায়ুর সঙ্গে মজুরির কী সম্পর্ক? মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেসের আদিবাসী শাখার চেয়ারম্যান নিতিন রাউত চিঠিতে লিখেছেন, আখের ক্ষেতে বহু নারী কাজ করেন। কিন্তু রজঃস্বলা অবস্থায় সাধারণত সাত দিন তারা কাজ করতে পারেন না। ফলে ওই সাত দিনের মজুরিও পান না।
সেই মজুরি যাতে বাদ না যায় বা কাজে বিরতি না দিতে হয়, সেই কারণেই অস্ত্রোপচার করে পুরো জরায়ু বাদ দিয়ে দেন। হিস্টেরেক্টমি নামে এই অস্ত্রোপচার করলে আর ঋতুস্রাব হয় না।
নিতিন রাউত আরও জানান, প্রায় ৩০ হাজার দরিদ্র পরিবারের নারী শ্রমিক মজুরি পাওয়ার জন্য জীবনের ঝুঁকি নিয়েও অস্ত্রোপচারের মাধ্যমে জরায়ু বাদ দিয়ে দিয়েছেন।
মহারাষ্ট্রে কিছুদিন আগেই শিবসেনা, এনসিপি ও কংগ্রেস জোট সরকার গঠন করেছে। জোট শরিক হয়েও মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরেকে চিঠি লিখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আরজি জানান নিতিন।
