শ্রীমঙ্গল সরকারি কলেজের ৫০ বছর পূর্তি উৎসবের আয়োজনকে ঘিরে পুরো ক্যাম্পাসের এখন আলপনায় রঙিন । কলেজের সবকিছুতেই লেগেছে নতুনত্বের ছোঁয়া। কলেজের গেট থেকে শুরু করে সব স্থাপনাই নতুন রঙ্গে রঙিন। কলেজের মাঠে তৈরি হয়েছে বিশাল বড় প্যান্ডেল।
‘এসো মিলি প্রাণের মেলায়’ স্লোগানে উৎসবের মধ্য দিয়ে শনিবার পালিত হবে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার এই কলেজের সুবর্ণজয়ন্তী উৎসব।
উৎসবের উদ্বোধন করবেন বিশিষ্ট সংগীতশিল্পী মোস্তফা জামান আব্বাসী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন মৌলভীবাজার ৪ আসনের সাংসদ আব্দুস শহীদ, বিশেষ অতিথি হিসেবে থাকবেন মিডিয়া ব্যক্তিত্ব আব্দুর নুর তুষার।
আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়, সুবর্ণজয়ন্তীর বর্ণিল উৎসবে কলেজের ৫০টি ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেবেন। এ জন্য অনলাইনে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
সুবর্ণজয়ন্তী উপলক্ষে কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে জাতীয় পতাকা ও উৎসব পতাকা উত্তোলন, সমবেত কণ্ঠে জাতীয় সংগীত, শান্তির প্রতীক পায়রা অবমুক্ত, কলেজের প্রয়াত শিক্ষার্থীদের স্মৃতির উদ্দেশ্যে এক
মিনিট নীরবতা পালন, উদ্বোধন, আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা। এছাড়াও ব্যাচভিত্তিক স্মৃতিচারণ ও ফটোসেশন, ফানুস উড্ডয়ন ও রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন চিরকুট ব্যান্ডের পিন্টু ঘোষ, প্রখ্যাত শিল্পী ডলি শায়ন্তনি।
সুবর্ণজয়ন্তী উৎসব উদ্যাপন পরিষদের আহ্বায়ক সৈয়দ মনসুরুল হক জানান, শ্রীমঙ্গল সরকারি কলেজ এই অঞ্চলের প্রাচীন বিদ্যাপীঠ। এ বছর এই কলেজটির পঞ্চাশ বছর পূর্তি। আমরা এই ৫০ বছরের শিক্ষার্থীদের নিয়ে সুবর্ণজয়ন্তী উৎসবের আয়োজন করেছি। উৎসবে দেশ ও বিদেশের কয়েক হাজার প্রাক্তন শিক্ষার্থী উৎসবে মিলিত হবেন। সকল প্রস্তুতি এখন প্রায় শেষ।
