সৌরভ গাঙ্গুলির প্রস্তাবিত ‘সুপার সিরিজ’-এর ভাবনাকে স্বাগত জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও কেভিন রবার্টস। তিনি বলেছেন, সুপার সিরিজের ভাবনাটি অভিনব।
ক্রিকেট বিশ্বের ‘তিন মোড়ল’ ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে রেখে তার সঙ্গে আর একটি শক্তিশালী দলকে যোগ করে এক দিনের ক্রিকেটে এই প্রতিযোগিতা চালু করার চেষ্টায় আছেন বিসিসিআইয়ের নতুন সভাপতি সৌরভ। চতুর্থ দেশটি কারা হবে, তা এখনও ঠিক হয়নি।
ভারতীয় বোর্ডেরই প্রাক্তন প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর এখন আইসিসি প্রধান। তিনি আবার এই ধরনের সিরিজের পক্ষে নন। সবাইকে নিয়ে বেশি বেশি আইসিসি টুর্নামেন্ট আয়োজন করতে চান তিনি।
মনোহরের নেতৃত্বে আইসিসি এমনকি টি-টোয়েন্টি বিশ্বকাপও প্রত্যেক বছর করার কথা ভেবেছে। যেমন ২০২০ এবং ২০২১ পর-পর দু’বছরে দু’টি টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে। এ নিয়েও আইসিসির সঙ্গে লেগেছে ভারতীয় বোর্ডের। আইপিএলের কারণে ভারত বেশি আইসিসি টুর্নামেন্ট খেলতে চায় না।
রবার্টস বলছেন, ‘সৌরভ বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার পরে খুব অল্প সময়ের মধ্যেই আমরা ভারতের মনোভাবে উল্লেখযোগ্য পরিবর্তন দেখছি। আগের অবস্থান ত্যাগ করে তারা কলকাতায় দিনরাতের টেস্ট ম্যাচ আয়োজন করল। তা খুব সফলও হল। এখন আরও একটি অভিনব ভাবনা। সুপার সিরিজ আয়োজনের উদ্যোগ।’
তিনি জানান, নতুন বছরেই ভারতে এবং বাংলাদেশে আসছেন ক্রিকেট সূচি নিয়ে কথা বলতে। নিউজিল্যান্ড এবং পাকিস্তানের সঙ্গেও তাদের কথা হয়েছে বলে জানান।
