চট্টগ্রামের সীতাকুন্ডে মালবাহী লরি ও দুটি প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে দুই শিশু সন্তান ও বাবা নিহত হয়েছেন। ফৌজদারহাট বাইপাস এলাকায় শনিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনায় আহত হয় আরও দুইজন।
নিহতরা হলেন- তাসনিম জামান খান (১১), আফরা আনান খান (১৩) ও তাদের বাবা সাইফুজ্জামান মন্টু (৪০)। তিনি বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর।
গুরুতর আহত মা ও ভাইকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ফায়ার সার্ভিস আগ্রাবাদ অফিসের লিডার সাহেদুর রহমান জানান, বন্দর অভিমুখে দ্রুতগতিতে আসা একটি মালবাহী লরি ঢাকামুখী দুইটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে একটি প্রাইভেটকারে থাকা দুই বোন ঘটনাস্থলে নিহত ও অপর ৩ জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে সাইফুজ্জামান মন্টু মারা যান বলে নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।
সাইফুজ্জামানের স্ত্রী কনিকা আক্তার (৩৫) ও ১০ বছরের শিশুপুত্র মন্টির অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি।
লরিটি আটক করা হয়েছে বলে জানিয়েছেন বারআউলিয়া হাইওয়ে থানার এসআই কাউসার।
