দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ১২:০৯ পিএম

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় কামরান হোসেন (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই শ্রমিক।

শনিবার গভীর রাতে বাগেরহাট শহররক্ষা বাঁধের প্রধান বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত কামরান হোসেন সদর উপজেলার গোটাপাড়া গ্রামের এশারাত হোসেনের ছেলে। তিনি বাগেরহাট শহরের সাধনার মোড়ে ক্রেজি জিম নামে একটি শারীরিক ব্যায়ামাগার পরিচালনা করতেন।

বাগেরহাট সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শেখ আসাদুজ্জামান বলেন, শনিবার রাত ১১টা ২০ মিনিটের সময় কামরান নামে এক মোটরসাইকেল আরোহী অসাবধানতাবশত বাগেরহাট শহরক্ষা বাঁধের প্রধান বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা আলুবোঝাই একটি ট্রাকে এসে ধাক্কা দিয়ে পড়ে যান।

এ সময় কামরান এবং ওই ট্রাকের আলু পরিবহনের কাজে নিয়োজিত দুই শ্রমিকও গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল আরোহী কামরানকে মৃত ঘোষণা করেন। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত