দুই-একটা কুলাঙ্গার পাকিস্তানেও আছে, ভারতেও আছে: শোয়েব

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ১২:২৫ পিএম

পাকিস্তান ক্রিকেট দলের সাম্প্রদায়িক মনোভাব নিয়ে মন্তব্য করে ঝড় তোলা শোয়েব আখতার পরিস্থিতি শান্ত করার চেষ্টায় আছেন। নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, তার মন্তব্যকে ‘অন্য প্রসঙ্গে’ নেওয়া হচ্ছে।

‘সাম্প্রদায়িকতার বিরুদ্ধে পাকিস্তান লড়াই করেছে, সেটা ১৫ বছর আগের কথা। উগ্রবাদ এখন নিয়ন্ত্রণে,’ জানিয়ে শোয়েব বলেন, ‘আমি বলেছি দুই-একটা কুলাঙ্গারের কথা যাদের ভারত অথবা পাকিস্তান, ইংল্যান্ড কিংবা হল্যান্ডেও পাওয়া যাবে।’

গত বৃহস্পতিবার একটি টিভি অনুষ্ঠানে সাবেক এই পেসার বলেন, পাকিস্তান ক্রিকেট দলে বেশ কয়েক জন ক্রিকেটার দিনেশ কানেরিয়ার সঙ্গে খারাপ ব্যবহার করত। কারণ সে ছিল হিন্দু। তাই দলে ও ছিল ব্রাত্য। অনেকে কানেরিয়ার সঙ্গে বসে খেতে পর্যন্ত চাইত না!

এমন মন্তব্যের পর পাকিস্তানের অনেক সাবেক ক্রিকেটার শোয়েবের দাবিকে উড়িয়ে দেন। কিন্তু দিনেশ কানেরিয়া জানান, শোয়েব ঠিকই বলেছেন!

উদ্ভূত পরিস্থিতিতে শোয়েব আরেকবার নিজের মন্তব্যের ব্যাখ্যা দিতে আসেন। ইউটিউব ভিডিওতে বলেন, ‘দুই দিন ধরে চারদিকে বিতর্ক চলছে। সবই দেখেছি। ‍শুনেছি। আমার মনে হয়েছে একটু সময় নিয়ে আরেকবার কথা বলা দরকার।’

‘ইউটিউব চ্যানেল খোলার কারণ বিনোদন এবং ক্রিকেট আলোচনার পাশাপাশি সমাজের উন্নতি করা।’

‘পাকিস্তান দলে অলিখিত একটি নিয়ম আছে। সবাইকে সম্মান করতে হবে। কিন্তু কয়েক জন খেলোয়াড় সেটি করতে চাইতেন না। এটা টিমের নিয়ম ছিল না।’

‘এমনটি হয়েছে একজন অথবা দুইজন খেলোয়াড়ের কারণে। এই এক-দুই জন সব জায়গায়ই থাকে।’

হঠাৎ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই শুরু করা শোয়েব তার ভিডিওর শিরোনামও দিয়েছেন ‘মানুষের’ জয়গান করে: পাকিস্তান হিন্দু, মুসলিমসহ সব সংখ্যালঘুর দেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত