আজকেও সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৫ ডিগ্রি

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ০১:৫৯ পিএম

আজকেও সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড পঞ্চগড়ে। তাপমাত্রা কিছুটা বেড়ে সোমবার সকাল নয়টায় তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

রবিবার সকাল ৯টায় ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস আর বিকেল ৩টায় ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।

এটিই ছিল সারা দেশের এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত থাকছে শীতের তীব্রতা।

তবে গতকালকের মতো সোমবার সকালটি শুরু হয় বেশ ঝলমলে রোদের আলোতেই। সকাল ৭টায় সূর্যের দেখা মেলে। বেশ কয়েক দিন পর সূর্যের ঝলমলে রোদে স্বস্তি ফিরে আসে জনমনে। রোদের আলোতে বসে উষ্ণতা নিচ্ছেন শীতার্ত মানুষ।

গত কয়েক দিনে সূর্যের আলো দেখা গেলেও তাতে তেমন উত্তাপ ছিল না। বিকেল গড়াতেই সূর্যের আলো মিলিয়ে যায়। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তীব্র ঠান্ডা অনুভূত হয়। এই সময়ে উত্তর থেকে বয়ে আসে ঠান্ডা বাতাস।

এদিকে হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যাও বাড়ছে। বেশির ভাগ রোগী শিশু ও বৃদ্ধ। প্রতিদিন শতাধিক রোগী বহির্বিভাগ থেকে চিকিৎসা নিচ্ছেন। গুরুতর অসুস্থরাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।

 জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় ৪০ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ জানুয়ারি দেশের সর্বনিম্ন ২ দশমিক ৬ তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। গত ৫০ বছরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল এটি।

 তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, আকাশে মেঘ ও কুয়াশা না থাকায় সূর্য তাপ ছড়ানোর কারণে দিনে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তিনি তাপমাত্রা আরও কমবে বলে আশঙ্কা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত