নারায়ণগঞ্জে মেডিপ্লাস মেডিকেল সার্ভিসেস (প্রা.) লি. এ শিশুর টনসিল কাটতে গিয়ে দাঁত তুলে নেওয়ার অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুর বাবা চিকিৎসকের বিরুদ্ধে সদর মডেল থানায় রবিবার লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শনিবার রাত ৮টায় আমলাপাড় মেডিপ্লাস মেডিকেল সার্ভিসেস (প্রা.) লি. এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, আমলাপাড়া মেডিপ্লাস মেডিকেল সার্ভিসেস (প্রা.) লিমিটেডের চিকিৎসক সিনিয়র কনসালটেন্ট ডা. মো. আসাদুর রহমান অভিযোগকারীর ছেলে আবু সালেহ (৮) গলার টনসিলের অপারেশন করতে যান। এর বদলে চিকিৎসক তার নিচের চোয়ালের দুটি দাঁত ফেলে দেয়। পরে শিশুর বাবা দিদার হোসেন টনসিলের সঙ্গে দাঁত তুলে ফেলার কারণ জানতে চাইলে ডা. মো. আসাদুর রহমান তার সঙ্গে খারাপ আচরণ করেন।
দিদার হোসেন দেশ রূপান্তরকে জানান, আমি বুঝলাম না টনসিলের সাথে দাঁতের কি সম্পর্ক। টনসিলের অপারেশনে কেন দাঁত ফেলতে হবে। আমি থানায় জিডি করেছি আশা করছি প্রশাসন এর ব্যবস্থা নেবে।
এ বিষয়ে জানতে মেডিপ্লাস মেডিকেল সার্ভিসেস এ গেলে ডা. মো. আসাদুর রহমানকে পাওয়া যায়নি। তার মোবাইল নম্বর চাইলেও কর্তৃপক্ষ দেয়নি।
এ বিষয়ে সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, ‘চিকিৎসকের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
