অনুমতি ছাড়া নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী বদলি নয়

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ০২:০৪ এএম

ঢাকার দুই করপোরেশনের নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অনুমতি ছাড়া বদলি না করতে মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল সোমবার পাঠানো ওই চিঠিতে ভোটের ফলের গেজেট প্রকাশ হওয়ার ১৫ দিন পর্যন্ত কাউকে বদলি না করার কথা বলা হয়েছে।

ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ২০২০ সালের ৩০ জানুয়ারি ঢাকা উত্তর সিটি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠানের জন্য গত ২২ ডিসেম্বর তফসিল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচন পরিচালনার জন্য রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে। মনোনয়নপত্র গ্রহণের জন্য রিটার্নিং অফিসার এবং বাতিল আদেশের বিরুদ্ধে আপিল গ্রহণ ও আপিল নিষ্পত্তির জন্য বিভাগীয় কমিশনার, সংশ্লিষ্ট বিভাগকে আপিল কর্র্তৃপক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ সুষ্ঠুভাবে পরিচালনা ও সম্পাদনের জন্য বিভিন্ন সরকারি দপ্তর, স্বায়ত্তশাসিত সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্য থেকে প্রয়োজনীয় সংখ্যক প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগ করা হবে। বিভিন্ন পর্যায়ের সরকারি ও সরকারি অনুমোদনপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরাও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত হবেন। ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় সংখ্যক ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থার স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালার সংশ্লিষ্ট ধারা উল্লেখ করে চিঠিতে বলা হয়েছে, ‘আইন অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ থেকে নির্বাচনের ফলাফল ঘোষণার পর ১৫ দিন অতিক্রান্ত না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের অনুমতি ব্যতিরেকে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণকে অন্যত্র বদলি করা যাবে না।’

চিঠিতে সিটি নির্বাচন অনুষ্ঠানের দায়িত্বে নিয়োজিত সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে নির্দেশনা জারি করার জন্যও দৃষ্টি আকর্ষণ করা হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত