সাতক্ষীরায় ঘুষের লাখ টাকাসহ সাব-রেজিস্ট্রার আটক

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ১১:১১ এএম

ঘুষের এক লাখ টাকাসহ শ্যামনগর রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) পার্থ প্রতীম চক্রবর্তীকে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা।

সাতক্ষীরা সরকারি কলেজ এলাকা থেকে সোমবার রাত সাড়ে ৮টার দিকে তাকে আটক করা হয়।

দুদক, খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল গফফার জানান, পার্থ প্রতীম চক্রবর্তী দীর্ঘদিন ধরে দলিল সম্পাদনের জন্য অনৈতিকভাবে ঘুষ আদায় করে থাকেন। শ্যামনগরের একটি জমির দলিল সম্পাদনের জন্য তিনি দু’লাখ টাকা ঘুষ দাবি করেন। তার মধ্যে কয়েক দিন আগে তাকে এক লাখ টাকা দেওয়া হয়।

সরকারি কলেজ এলাকার জনৈক ডা. সাজ্জাদ হোসেনের বাড়িতে রাতে তিনি দলিল সম্পাদনের জন্য আসেন। সেখানেই ঘুষের বাকি এক লাখ টাকা দেওয়ার সময় ওৎপেতে থাকা দুদকের একটি টিম তাকে আটক করে।

উদ্ধারকৃত টাকাসহ তাকে প্রথমে সাতক্ষীরা সদর থানায় এনে জব্দ তালিকা সম্পন্ন করে মামলার জন্য দুদকের খুলনা কার্যালয়ে নেওয়া হচ্ছে বলে জানান উপপরিচালক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত