নড়াইলে থার্টি ফার্স্ট নাইটে মোটরসাইকেল-নছিমন সংঘর্ষে গোলাম সাকলাইন প্রত্যয় (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে নড়াইল-যশোর সড়কের বাশভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রত্যয় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরা সুলতানা ও প্রয়াত কলেজ শিক্ষক গোলাম মোস্তফা মোল্যার ছেলে।
প্রত্যয় ঢাকার একটি কলেজে এলএলবিতে পড়াশোনা করেন। তিনি নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ছিলেন।
প্রত্যয়ের মা মনিরা সুলতানা জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে রাতের খাবার খেয়ে মোটরসাইকেল নিয়ে শহরের আলাদাতপুরের বাসা থেকে বেরিয়ে হন ছেলে।
প্রত্যক্ষদর্শী ভ্যান চালক মিটুল বলেন, ‘রাত ৯টার পর শহরের নতুন বাস টার্মিনাল এলাকার পশ্চিমপাশে এসএম সুলতান গেট এলাকায় ‘দম’ করে একটা শব্দ শুনতে পাই। আমি ভ্যান নিয়ে সেখানে এগিয়ে দেখি একটি নছিমন ও মোটরসাইকেল পড়ে রয়েছে। ওই ছেলেটি ছটফট করছে। আশপাশের লোকজনের সহযোগিতায় দ্রুত নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম বলেন, ‘নিহত গোলাম সাকলাইন প্রত্যয় নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ছিল। তার মৃত্যুতে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে বিদেহী আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’
নড়াইল সদর থানার ওসি মো. ইলিয়াস হোসেন জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা ও ময়নাতদন্ত করতে অস্বীকৃতি জানানোর কারণে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
