আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন যে সম্ভব নয় তার প্রমাণ দিতে বিএনপি আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিচ্ছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
প্রসঙ্গত, নির্বাচন কমিশনের (ইসি) ওপর আস্থা না থাকার পরও বিএনপির সিটি নির্বাচনে অংশ নেয়ার উদ্দেশ্য কি তা জানতে চান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদেরের প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, ‘অনেকে একটি প্রশ্ন করেন যে কেন আমরা নির্বাচনে যাচ্ছি। আমি বলতে চাই, আমরা নির্বাচনে যাচ্ছি এটা আবারও প্রমাণ করতে যে আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না।’
মির্জা ফখরুল বলেন, প্রধান নির্বাচন কমিশনার নূরুল হুদা নিজে স্বীকার করেছেন যে তাদের কমিশন অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারেনি। আরেক কমিশনার মাহবুব তালুকদার পরিষ্কারভাবে বলেছেন এ ইসি সুষ্ঠু নির্বাচন আয়োজনের যোগ্য নয়।
