অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল নেভাতে গিয়ে মৃত্যু হওয়া এক স্বেচ্ছাসেবীর সাহসিকতাকে সম্মান জানানো হয়েছে তার শিশুপুত্রের হাতে মেডেল তুলে দিয়ে।
বিবিসি জানায়, বৃহস্পতিবার জেফ্রি কিটনের মরণোত্তর পুরস্কার গ্রহণ করে ১৯ মাস বয়সী শিশু হার্ভি কিটন।
১৯ ডিসেম্বর আগুন নেভাতে যাওয়ার পথে গাড়িতে গাছ পড়লে কিটন ও তার সহকর্মী অ্যান্ড্রু ও'ডোয়াইয়ার মারা যান।
অ্যান্ড্রুরও একটি শিশু সন্তান রয়েছে, আগামী সপ্তাহে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
নিউ সাউথ ওয়েলস রাজ্যের দমকল বিভাগের কমিশনার শেন ফ্রিটজসিমন্স শিশু হার্ভির হাতে তার বাবার সাহসিকতার পুরস্কার তুলে দেন।
কিটের শেষকৃত্য অনুষ্ঠানে তার শিশুসন্তানের হাতে তুলে দেয়া হয় পুরস্কারটি। সেসময় কিটনের কফিনের পাশে দাঁড়িয়ে গার্ড অব অনার দেন দমকলকর্মীরা।
গত সেপ্টেম্বর থেকে ছড়িয়ে পড়া দাবানলে এখন পর্যন্ত ১৮ জন মারা গেছেন। এদের মধ্যে এই সপ্তাহে নিউ সাউথ ওয়েলসেই ৭ জন মারা গেছেন। বাকিরা এখনো নিখোঁজ রয়েছেন।
আগুন নেভাতে এখন পর্যন্ত কয়েক হাজার দমকলকর্মী নিয়োগ করা হলেও ভয়াবহ ওই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এই দমকলকর্মীদের অধিকাংশই স্বেচ্ছাসেবী, বিনা পারিশ্রমিকে আগুন নেভানোর কাজ করছেন তারা।
