আইজিপি ব্যাচ পাচ্ছেন ৫৯৫ পুলিশ সদস্য

আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ১১:১৯ পিএম

প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ‘আইজিপি’ ব্যাচ পাচ্ছেন পুলিশের ৫৯৫ সদস্য। ছয়টি বিশেষ ক্যাটাগরিতে মনোনীতদের মধ্যে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদা থেকে শুরু করে কনস্টেবল পর্যায়ের সদস্য রয়েছেন।

রবিবার শুরু হওয়া পুলিশ সপ্তাহে পুলিশের আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ৫৯৫ জন সদস্যকে এই ব্যাচ পড়িয়ে দেবেন।

পুলিশ সদর দপ্তর জানায়, পুরস্কারের জন্য মনোনীত ৫৯৫ জনের মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে ২০৬ জন, ‘বি’ ক্যাটাগরিতে ১৩৭ জন, ‘সি’ ক্যাটাগরিতে ১০৫ জন, ‘ডি’ ক্যাটাগরিতে ৫২ জন, ‘ই’ ক্যাটাগরিতে ৫১ জন ও ‘এফ’ ক্যাটাগরিতে ৪৪ জন রয়েছেন।

জানা যায়, কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন, বাহিনীর মর্যাদা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ভালো কাজের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর পুলিশ সপ্তাহে আইজিপি ব্যাচে মনোনীত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের এ পদক দেওয়া হয়। প্রতি বছরের মতো এবারও মাঠ পর্যায়ে যাচাই বাছাই করে তালিকা তৈরি করা হয়। সেই তালিকা অনুযায়ী ৫৯৫ জনকে এ আইজিপি ব্যাজে মনোনীত করা হয়েছে।

রবিবার থেকে শুরু হওয়া পুলিশ সপ্তাহ ১০ জানুয়ারি পর্যন্ত চলবে। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সপ্তাহ উদ্বোধন করার পাশাপাশি পুলিশের সর্বোচ্চ পদক বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) তুলে দেবেন।

এ বছর সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার জন্য পুরস্কারস্বরূপ চারটি ক্যাটাগরিতে পুলিশের কনস্টেবল থেকে অতিরিক্ত আইজিপি পদমর্যাদার ১১৮ জন সদস্য বিপিএম-পিপিএম পদকের জন্য মনোনীত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত