ফেডারেশন কাপের আজকের ফাইনালটি নিয়ে অনেক সিরিয়াস বসুন্ধরা কিংস। গত বছর ফাইনালে এসে স্বপ্ন ভঙ্গ হয়েছিল। এবার সে রকম কিছু হতে দিতে চান না দলের কর্তারা। তাই তো রহমতগঞ্জের বিপক্ষে ফাইনাল শুরুর কয়েক ঘণ্টা আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে এক রেফারি নিয়ে লিখিত আপত্তি জানিয়েছে ক্লাবটি। তারা সাফ জানিয়ে দিয়েছে ফাইনালে রেফারি মিজানুর রহমানকে ম্যাচ পরিচালনার দায়িত্ব দিলে তারা মাঠে নামবে না। এই রেফারির বিরুদ্ধে ক্লাবটি এনেছে পক্ষপাতিত্বের অভিযোগ। ক্লাবের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘এই রেফারিকে দায়িত্ব দিলে আমরা মাঠে নামব না। কারণ এই রেফারি ন্যক্কারজনকভাবে পক্ষপাতিত্বমূলক বাঁশি বাজায়। আমাদের আপত্তি বাফুফেকে চিঠি দিয়ে জানিয়েছি।’
×
