স্তন ক্যানসার শনাক্ত করতে গুগলের আবিষ্কার

আপডেট : ০৫ জানুয়ারি ২০২০, ১০:০০ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ক্যানসার নিরাময়ে এগিয়ে এসেছে গুগল। সম্প্রতি এক গবেষণায় প্রতিষ্ঠানটি একটি যুগান্তকরী আবিষ্কার প্রকাশ পেয়েছে।

বিশ্বে লাখ লাখ নারী স্তন ক্যানসারে আক্রান্ত। যুক্তরাজ্যে প্রতি বছর প্রায় ৫৫ হাজার নারীর স্তন ক্যানসার ধরা পড়ছে। যুক্তরাষ্ট্রে প্রতি ৮ জনের মধ্যে একজন নারীর স্তন ক্যানসারে আক্রান্ত।

স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে ডিজিটাল ম্যামোগ্রাফি। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে দুই দেশে প্রতি বছর প্রায় ৪ কোটি ২০ লাখ স্তন ক্যানসার স্ক্রিনিং টেস্ট হয়ে থাকে।

ডিজিটাল ম্যামোগ্রাফির মতো প্রযুক্তি ব্যবহার করে প্রথম ধাপে স্তন ক্যানসার চিহ্নিত করা এখনও বেশ কঠিন চ্যালেঞ্জ। তবে এই কঠিন কাজকে সহজ করে দিতে এগিয়ে এসেছে গুগল হেলথ।

টাইমস অব ইন্ডিয়া জানায়, প্রথম সারির ব্রিটিশ ও মার্কিন ক্লিনিক্যাল রিসার্চ পার্টনারদের সঙ্গে মিলে গুগল ক্যানসার গবেষণা শুরু করে।

এর সঙ্গে যুক্ত ছিলেন ডিপ মাইন্ড, ক্যানসার রিসার্চ ইউকে ইম্পিরিয়াল সেন্টার, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি এবং রয়্যাল সারে কাউন্টি হাসপাতালের গবেষকেরা।

কীভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে সহজে এবং নিখুঁতভাবে স্তন ক্যানসার স্ক্রিনিং করা যায় সেটি নিয়ে দুই বছরে কাজ করে মার্কিন কোম্পানিটি।

নেচার পত্রিকায় সেই গবেষণা প্রাথমিক ফল প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে, গুগল হেলথের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল অনেক নিখুঁতভাবে স্তন ক্যানসার ধরতে পেরেছে। এতে ফলস পজিটিভ এবং ফলস নেগেটিভের সংখ্যাও তুলনামূলকভাবে অনেকটাই কম।

গুগল হেলথের এই আবিষ্কার ভবিষ্যতের রেডিওলজিস্টদের কাজ অনেকটাই সহজ করে দেবে বলে আশা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত