সিলেট নগরীতে মাটির নিচ দিয়ে বিদ্যুৎ সরবরাহ শুরু

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ০১:৫০ এএম

সিলেট মহানগরীতে প্রথমবারের মতো মাটির নিচ দিয়ে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। গতকাল রবিবার ভূ-গর্ভস্থ বিদ্যুৎ সরবরাহ লাইনের উদ্বোধন করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি বলেন, এই কার্যক্রমের মধ্য দিয়ে সিলেটকে স্মার্ট ও ডিজিটাল সিটি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে একধাপ অগ্রগতি হলো। পর্যায়ক্রমে পুরো নগরীর বিদ্যুৎ সরবরাহ লাইন মাটির নিচে নেওয়া হবে। এতে নগরীর সৌন্দর্য অনেক বেড়ে যাবে। তারের জঞ্জাল দূর হবে। পাশাপাশি বিদ্যুৎ সরবরাহও নির্বিঘœ হবে।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি আবু তাহের মোহাম্মদ শোয়েব, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান প্রমুখ।

সিটি করপোরেশনের প্রকৌশল শাখা সূত্রে জানা যায়, নগরীর ১ নম্বর ওয়ার্ডের হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকায় গতকাল থেকে ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনে সরবরাহ শুরু হয়েছে। সেই সঙ্গে এই এলাকার বিদ্যুতের খুঁটিসহ অন্যান্য সার্ভিস লাইনের তারও অপসারণ করা হয়েছে।

উদ্বোধনের পর মেয়র আরিফ আরও বলেন, হযরত শাহজালাল (রহ.)-এর মাজার এলাকা থেকে উন্নত রাষ্ট্রের আদলে ভূগর্ভস্থ বিদ্যুতায়ন প্রকল্পের সফল সরবরাহ চালু হয়েছে। ১৫-২০ দিন ধরে পরীক্ষামূলক সরবরাহ পর্যবেক্ষণের পর এখন পূর্ণ সরবরাহ চালু করা হলো। শাহজালাল মাজার এলাকা থেকে নগরীর কোর্ট পয়েন্ট পর্যন্ত পাইলট প্রকল্পে ভূগর্ভস্থ বিদ্যুতের লাইন চালু করা হবে। পর্যায়ক্রমে সিলেট সিটি করপোরেশনের সব এলাকায় এই বিদ্যুৎ সরবরাহ চালু হবে।

সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি আবু তাহের মো. শোয়েব বলেন, দেশের প্রথম এই প্রকল্প সিলেটে বাস্তবায়ন করায় আমরা খুশি। এর মাধ্যমে পর্যটন নগরী সিলেটের সৌন্দর্য বৃদ্ধি পাবে। সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, ভূ-গর্ভস্থ বিদ্যুৎ লাইন চালু করা একটি চ্যালেঞ্জিং কাজ; যা অত্যন্ত সফলতার সঙ্গে বিদ্যুৎ বিভাগ সিটি করপোরেশনের সহযোগিতায় সম্পন্ন করতে পেরেছে। প্রধান প্রকৌশলী আরও জানান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অর্থায়নে প্রায় ৫৫ কোটি টাকা ব্যয়ে ভূ-গর্ভস্থ বিদ্যুৎ সরবরাহের পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত