সেতুর নিচ থেকে বালু উত্তোলন বন্ধে হাইকোর্টের নির্দেশ

আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ০১:৫১ এএম

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও কুমিল্লার হোমনা উপজেলার তিতাস নদীর ত্রিমোহনায় শেখ হাসিনা সেতুর নিচ থেকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই সেতু রক্ষায় বিবাদীদের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।

দেশের প্রথম ওয়াই আকৃতির সেতু এটি। ‘ঝুঁকিতে শেখ হাসিনা সেতু’ শিরোনামে সম্প্রতি একটি জাতীয় দৈনিক পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। সে প্রতিবেদনটি আদালতের নজরে আনেন আইনজীবী কুমার দেবুল দে। ওই প্রতিবেদনে বলা হয়, সাইদুল ইসলাম নামে এক ঠিকাদার সেতুর নিচ থেকে বালু উত্তোলন করছে। এতে সেতুটি ঝুঁকির মধ্যে পড়ছে বলে মনে করছে স্থানীয়রা। প্রতিবেদনটি আমলে নিয়ে রবিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেয়।

আগামী চার সপ্তাহের মধ্যে সড়ক ও সেতু সচিব, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক, বাঞ্ছারামপুর থানার নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বাঞ্ছারামপুর উপজেলা ইঞ্জিনিয়ারকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত