ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, নির্বাচনের আর মাত্র ২৪ দিন বাকি। এই ২৪ দিন আমাকে দেবেন। মেয়র নির্বাচিত হতে পারলে আগামী পাঁচ বছরের প্রতিটা দিন আমি আপনাদের দেব। গতকাল রবিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে নির্বাচনী পরিচালনা কমিটির সভায় তিনি আরও বলেন সৎ, দক্ষ এবং অভিজ্ঞ মেয়র যদি চান তাহলে আগামী ৩০ জানুয়ারি নৌকায় ভোট দিন।
এর আগে তিনি বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আরেক সভায় বক্তব্য রাখেন। আগামী ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তাপস। তিনি বলেন, আমি মেয়র নির্বাচিত হলে শেখ হাসিনার উন্নত রাজধানী এবং উন্নত ঢাকা গড়তে চাই। ২০০৭ সালে সেনা সমর্থিত সরকার আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে জেলে রেখেছিল ১১ মাস। এরপর ২০০৮ সালের নির্বাচনে শেখ হাসিনা আমাকে ধানমন্ডি-১০ আসন থেকে মনোনয়ন দেন। তখন বলেছিলাম, আমি সুখে-দুঃখে আপনাদের পাশে থাকব। গত তিন টার্মে আমার নির্বাচনী এলাকায় আমি ব্যাপক উন্নয়ন করেছি। তিনি বলেন, আমি মনে-প্রাণে বিশ্বাস করি যে, ২০৪১ সালে বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করতে হলে দেশের রাজধানী ঢাকাকেই উন্নত এবং যোগ্য করে গড়ে তুলতে হবে। আজ থেকেই আমাদের কাজ শুরু করতে হবে। কারণ অনেক সময় চলে গেছে। ঢাকাকে উন্নত করার জন্যই আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ। আপনারা যদি আমার সঙ্গে থাকেন তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন রাজধানীর স্বপ্ন আমরা পূরণ করতে পারব। আমাদের ঢাকা দুটো নদীর অববাহিকায়, কিন্তু সেগুলো অবহেলায় অযতেœ পড়ে আছে। আমাদের ঐতিহ্য ঢাকাকে আমরা পুনরুদ্ধার করব। ঢাকাকে আমরা বিশ্ববাসীর কাছে তুলে ধরব।
তাপস বলেন, প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের ছেলেমেয়েদের জন্য খেলাধুলার ব্যবস্থা থাকবে। ছেলেমেয়েরা যাতে মাদকাসক্ত না হয়, সেজন্য পর্যাপ্ত খেলাধুলার ব্যবস্থা করা হবে। বর্জ্য রাস্তায় পড়ে থাকবে না, সুন্দর বর্জ্য ব্যবস্থাপনা এবং নির্দিষ্ট স্থানে বর্জ্য ব্যবস্থাপনা থাকবে। মেট্রোরেল একমাত্র সমাধান নয় মন্তব্য করে তিনি বলেন, বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যার পাড়ে ছয় লেনের রাস্তা করে দেব। এই রাস্তা দিয়ে ঢাকার যেকোনো প্রান্তের মানুষ যোগাযোগ গড়ে তুলতে পারবে। এ ছাড়া পুরান ঢাকায় পঞ্চায়েত ব্যবস্থা শুরু করব। প্রশাসন দিয়ে নয়, পঞ্চায়েতের মাধ্যমে আমরা স্থানীয় সমস্যার সমাধান করব। তিনি আরও বলেন, একটি দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে মানুষের মৌলিক নাগরিক সুবিধা পূরণ করব। যদি মেয়র নির্বাচিত হতে পারি তাহলে ৯০ দিনের মধ্যে মৌলিক সুবিধাগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দেব। বঙ্গবন্ধু পরিবারের ঘনিষ্ঠ স্বজন তাপস বলেন, মেয়র নির্বাচিত হতে পারলে ঢাকা দক্ষিণের প্রত্যেকটা নেতাকর্মীর জন্য নগর ভবন খোলা থাকবে ২৪ ঘণ্টা। আমাদের ঢাকা আমরাই গড়ব। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন হবে দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুকুল বোস, সভাপতিমন্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।
