রাজধানীর কুর্মিটোলায় ধর্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর চিকিৎসায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপিকা ডা. সালমা রউফকে প্রধান করে ৭ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন সোমবার সকালে সাংবাদিকদের এ তথ্য জানান।
ঢামেক পরিচালক বলেন, রাতে মেয়েটিকে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করার পর থেকেই তার চিকিৎসা চলছে।
তিনি বলেন, মেয়েটির শারীরিক অবস্থা উন্নতির দিকে। তবে মেন্টাল ট্রমা ছাড়াও কিছু শারীরিক আঘাতের চিহ্ন রয়েছে। সব দিক চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় কুর্মিটোলায় বাসস্ট্যান্ড এলাকায় বাস থেকে নেমে ধর্ষণের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের ছাত্রী। বিকেল সাড়ে ৫টার দিকে খিলক্ষেত থানা এলাকার শেওড়া যাওয়ার উদ্দেশে ঢাবির একটি বাসে ওঠেন ওই শিক্ষার্থী।
সন্ধ্যা ৭টার দিকে কুর্মিটোলায় বাস থেকে নামার পর অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তার মুখ চেপে ধরে পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে অজ্ঞান করে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয়। পরে রাত ১০টার দিকে জ্ঞান ফিরলে তিনি নিজেকে একা পড়ে থাকতে দেখেন। এরপর সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশাতে চড়ে ক্যাম্পাসে ফেরেন। পরে রাত ১২টার দিকে তাকে ঢামেকের ওসিসিতে ভর্তি করান সহপাঠীরা।
