৪ দিনের টেস্টের বড় বিজ্ঞাপন অস্ট্রেলিয়া

আপডেট : ০৭ জানুয়ারি ২০২০, ০২:৩৩ এএম

টেস্ট চার দিনে করার পরিকল্পনা আইসিসির। এই চিন্তার পক্ষে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। কিন্তু অনেক ক্রিকেটারই এর বিরোধিতা করছেন। স্পিনারদের মধ্যে সবার আগে আইসিসির এমন চিন্তাভাবনার বিরোধিতা করেছেন অস্ট্রেলিয়ার নাথান লায়ন। সিডনি টেস্টের আগেই চার দিনের টেস্টের বিপক্ষে মত দিয়েছেন। তবে মজার ব্যাপার হলো সিডনি টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়াকে চার দিনেই জয় এনে দিয়েছেন এই লায়নই। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার এই গ্রীষ্মে পাঁচ টেস্টে পাকিস্তান বা নিউজিল্যান্ড কেউই টেস্ট পাঁচ দিনে টানতে পারেনি। তাই ক্রিকেটাররা না চাইলেও চার দিনের টেস্টের বড় বিজ্ঞাপনটা করে দিচ্ছে অস্ট্রেলিয়াই।

সিডনি টেস্টের চতুর্থ দিন ডেভিড ওয়ার্নারের ২৪তম টেস্ট সেঞ্চুরিতে ২ উইকেটে ২১৭ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের সামনে টার্গেট দাঁড়ায় ৪১৬ রানের। কিন্তু নাথান লায়নের ৫০ রানে ৫ উইকেট শিকারে ১৩৬ রানেই গুটিয়ে যায় উইলিয়ামসহীন কিউইরা। ক্যারিয়ারে তৃতীয়বার ম্যাচে ১০ উইকেট শিকারি লায়ন ২৭৯ রানের জয় এনে দেন অস্ট্রেলিয়াক। কিউইদের হোয়াইটওয়াশ করার মাধ্যমে ১০ ম্যাচে ২৯৬ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় অবস্থানে তারা। ভারত ৭ ম্যাচে ৩৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে। ৫ ম্যাচে ৬০ পয়েন্ট পাওয়া নিউজিল্যান্ডের অবস্থান ৫-এ।

সকালে বিনা উইকেটে ৪০ রান নিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং আবার শুরু করে অস্ট্রেলিয়া। ১০৭ রানের জুটি গড়ে আউট হন জো বার্নস (৪০)। এরপর মারনাস লাবুশেনকে নিয়ে ওয়ার্নার গড়েন ১১০ রানের জুটি। ১৪৭ বলে এই গ্রীষ্মে ৫ টেস্টে তার তৃতীয় সেঞ্চুরি (একটি ট্রিপল সেঞ্চুরিসহ) তুলে নেন ওয়ার্নার। আগের ইনিংসের ডাবল সেঞ্চুরিয়ান লাবুশেন ৫৯ রান করে আউট হলে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ওয়ার্নার ১১১ রানে অপরাজিত থেকে যান।

বড় টার্গেটে খেলতে নেমে দলীয় ৩৮ রানে ৫ উইকেট হারায় নিউজিল্যান্ড। এর দুটি ছিল লায়নের। এরপর ষষ্ঠ উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন গ্র্যান্ডহোম-ওয়াটলিং। দুজনের মাটি কামড়ে পড়ে থাকার মানসিকতায় মনে হচ্ছিল ম্যাচ পঞ্চম দিনে গড়াবে। কিন্তু লায়ন তা হতে দেননি। গ্র্যান্ডহোমকে ফিরিয়ে ৬৯ রানের জুটি ভাঙেন। পরে ১৭ করা টড অ্যাস্টল এবং শেষ ব্যাটসম্যান হিসেবে বিজে ওয়ালিংকে ফিরিয়ে ইনিংসে ম্যাচে ১০ উইকেট পূর্ণ করেন লায়ন। ইনজুরির কারণে ব্যাট করেননি ম্যাট হেনরি।

ম্যাচসেরা হয়েছেন লাবুশেন। ম্যাচ শেষে লায়ন বলেছেন, ‘অস্ট্রেলিয়ার জন্য এটি দারুণ একটি গ্রীষ্ম গেল। এর অংশ হতে পেরে ভালো লাগছে। ঘরের মাঠে জয় সবসময়ই গুরুত্বপূর্ণ। আর বন্ধু ও পরিবারের সামনে ১০ উইকেট নিতে পারাটা বিশেষ কিছু। তবে প্রতিবার ব্যাগি গ্রিন পরতে পারাটাই আমার কাছে স্বপ্নপূরণের মতো।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত