আওয়ামী লীগের ঐতিহ্যে বহুদলীয় গণতন্ত্রের কোনো অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘দেশে এখন এক শ্বাসরুদ্ধকর অবস্থা বিরাজমান। গণতন্ত্রকে চিরতরে দেশ থেকে বিদায়ের জন্যই গভীর মাস্টারপ্ল্যানের অংশ হিসেবেই খালেদা জিয়াকে বন্দি করে এখন হত্যার ষড়যন্ত্র চলছে। মিডনাইট নির্বাচনের পর অবৈধ শাসক গোষ্ঠীর প্রধান শেখ হাসিনা আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছেন।’
গতকাল মঙ্গলবার রাজধানীর শাহবাগে এক ঝটিকা মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন। খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এই মিছিল হয়। মিছিলটি শাহবাগ মোড় থেকে শুরু হয়ে শেরাটন সাকুরার মোড়ে গিয়ে শেষ হয়।
