ঘড়িটা পেয়েছিলেন উত্তরাধিকার সূত্রে। ওয়াসিম আকরামের কাছে তাই এর মূল্য অনেক বেশি। কিন্তু স্মৃতিময় সেই ঘড়িটা তিনি হারিয়ে ফেলেছেন।
করাচি থেকে দুবাই যাওয়ার পথে বিমানে আকরামের ঘড়িটা হারিয়ে যায়। স্মৃতিময় ঘড়ি হারিয়ে পাকিস্তানি বোলিং কিংবদন্তি বেশ কাতরই বলা চলে।
ওয়াসিম আকরাম তাই টুইট করে ঘড়ি হারানোর কথা জানিয়ে সেই এয়ারলাইনস কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। কোন ফ্লাইটে ছিলেন, সিট নম্বর কত সবই উল্লেখ করেছেন। একই সঙ্গে বলেছেন, ‘ঘড়িটা আমার পারিবারিক উত্তরাধিকার সূত্রে পাওয়া।’
এয়ারলাইনস কর্তৃপক্ষও দ্রুত সারা দিয়েছে আকরামের টুইটের। আকরামের ফ্লাইট সংক্রান্ত বিস্তারিত ও ইমেইল ঠিকানা চেয়েছে তারা। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাসও দিয়েছে তারা।
তবে ভক্তরা আকরামের এই ঘড়ি হারানোর পর টুইট বার্তায় মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। অনেকে উপদেশ দিয়েছেন, ঘড়ি আরো যত্নে রাখা যেত বলে। কেউ কেউ হাসি ঠাট্টাও করছেন ৫৩ বছর বয়সীকে নিয়ে। বলছেন, ‘সময় কারো জন্য অপেক্ষা করে না।’
