নিখোঁজ হওয়ার তিন দিন পর সাতক্ষীরা শ্যামনগরের কুলখালী খালপাড় থেকে মরিয়ম খাতুন ময়না (২২) নামে এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে ভুরুলিয়া ইউনিয়নের কুলখালী খাল থেকে থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা জানান, নিহত মরিয়ম খাতুন ময়না ভুরুলিয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামের আবদুল কাদেরের ছোট মেয়ে। ময়না শ্যামনগর মহসিন কলেজের ছাত্রী।
নিহতের বাবা আবদুল কাদের জানান, মরিয়ম খাতুন তিন দিন ধরে নিখোঁজ ছিল। এ ঘটনায় শ্যামনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। শুক্রবার সকালে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। তাকে হত্যা করে ফেলে রাখা হয় বলে অভিযোগ করেন তিনি।
ওসি নাজমুল হুদা বলেন, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ শ্যামনগর সদরের কুলখালী খালের পশ্চিম পাড় থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে।
তিনি বলেন, তিন দিন আগে মরিয়ম বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল। মরদেহ উদ্ধারের সময় তার গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো ছিল। পরনে ছিল নীল জিন্সের প্যান্ট ও লাল কালো সোয়েটার আর গলায় সাদা ওড়না।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে ওসি জানান।
