বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রতিষ্ঠার পর থেকেই কালের কণ্ঠ মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে ভূমিকা রাখছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে পরিপূর্ণভাবে মুক্তিযুদ্ধের আদর্শ বাস্তবায়নে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি শুক্রবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজিত 'কালের কণ্ঠ পত্রিকার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও গুণীজন সম্মাননা-২০২০' প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান উপস্থিত ছিলেন।
স্পিকার দেশের বরেণ্য গুণীজন এবং জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়ার মাধ্যমে কালের কণ্ঠ’র দশম প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণীয় করে রাখার উদ্যোগ গ্রহণ করায় ধন্যবাদ জানান।
ঢাকায় দেশবরেণ্য ২৫ গুণীজনসহ ৬৪ জেলায় ৬৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানে।
স্পিকার কালের কণ্ঠকে বাংলাদেশের অন্যতম পত্রিকা উল্লেখ করে বলেন, পত্রিকাটি ইতোমধ্যে তৃণমূলের জনগণের নিকট সংবাদ পৌঁছে দিচ্ছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইলেক্ট্রনিক মিডিয়ার পাশাপাশি প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রসার ঘটিয়েছেন। ফলে তথ্য প্রবাহের সুযোগ আরও বৃদ্ধি পেয়েছে।
অনুষ্ঠানের সভাপতি ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এর সভাপতিত্বে এবং কালের কণ্ঠ পত্রিকার সম্পাদক ইমদাদুল হক মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে দেশবরেণ্য সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তি উপস্থিত ছিলেন।
