রাজধানীর বোটানিক্যাল গার্ডেন থেকে কাসেম (৩৮) নামে এক বাসচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে লাশটি উদ্ধারের পর তার স্ত্রী শাহিনা বেগম শনাক্ত করেন।
শাহিনা বেগম জানান, তার স্বামী লোকাল বাসের চালক। যখন যে গাড়ি পেতেন, তা চালাতেন। দুই মেয়ে ও এক ছেলে নিয়ে তারা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভাড়া থাকতেন। গ্রামের বাড়ি নেত্রকোনার কেন্দুয়ায়। কারা, কী জন্য স্বামীকে হত্যা করেছে, কিছুই বুঝতে পারছেন না বলে জানান তিনি।
শাহ আলী থানার ওসি মো. সালাহউদ্দিন মিয়া জানান, কাসেমের মাথা ও কপালে ছুরিকাঘাতের জখম রয়েছে এবং পুরুষাঙ্গ বিচ্ছিন্ন। কী কারণে তাকে এমন নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তদন্তের আগে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্বজনরা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।
