বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত রোববার। এ উপলক্ষে রবিবার ভোর ৫টা থেকে বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর, চৌরাস্তা, মিরেরবাজার-টঙ্গী, আবদুল্লাপুর থেকে বাইপাস সড়কে আশুলিয়া পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।
শনিবার সকাল ১০টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আনোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।
পুলিশ কমিশনার বলেন, ইজতেমায় অংশ নেওয়া কয়েক লাখ মুসল্লি ছাড়াও আখেরি মোনাজাতে অংশ নিতে ইচ্ছুক অসংখ্য মুসল্লির যাতায়াতের সুবিধার্থে ভোর ৫টা থেকে বিমানবন্দর-গাজীপুরের জয়দেবপুর, চৌরাস্তা, মিরেরবাজার-টঙ্গী, আবদুল্লাপুর থেকে বাইপাস সড়কে আশুলিয়ায় ব্যারিকেড দিয়ে ইজতেমাসংলগ্ন এলাকায় যান চলাচল বন্ধ রাখা হবে।
ইজতেমা শেষে যাওয়ার সময় একই ব্যবস্থাপনা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এদিকে ‘আল্লাহু আকবর’ ধ্বনিতে মুখরিত গাজীপুরে টঙ্গীর তুরাগতীর।
বিশ্ব ইজতেমার প্রথম পর্বে গতকাল শুক্রবার ইজতেমা মাঠে অনুষ্ঠিত হয়েছে বৃহত্তম জুমার জামাত। দুপুর ১টা ৩০ মিনিটে জুমার নামাজে ইমামতি করেন রাজধানীর কাকরাইল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমদ। দেশ-বিদেশের লাখো মুসল্লি এতে শরিক হন।
গত বৃহস্পতিবার বাদ মাগরিব আমবয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। জুমার নামাজে অংশ নিতে গতকাল সকাল থেকেই টঙ্গী, ঢাকা, উত্তরা, আশুলিয়া, সাভার ও এর আশপাশের এলাকার মানুষ ইজতেমা ময়দানে আসতে শুরু করেন।
আগামী রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে মাওলানা জুবায়ের অনুসারী মুসল্লিদের প্রথম পর্বের ইজতেমা। এরপর ১৭ জানুয়ারি শুরু হওয়া দ্বিতীয় পর্বের ইজতেমায় যোগ দেবেন মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা।
আয়োজকরা জানিয়েছেন, এবারের ইজতেমায় আম ও খাসবয়ান, তালিম, তাশকিল, ৬ উসুলের হাকিকত, দরসে কোরআন, দরসে হাদিস, চিল্লায় নাম লেখানোসহ নতুন জামাত তৈরি হবে। তবে এ বছর যৌতুকবিহীন বিয়ে হবে না।
তারা আরও জানান, গতকাল বাদ ফজর আমবয়ান করেন পাকিস্তানের মাওলানা খোরশিদ আলম। বাদ জুমা তিউনিসিয়ার মাওলানা শেখ ইউনুস আলী, বাদ আসর পাকিস্তানের শায়খ ইহসানুল হক এবং বাদ মাগরিব দিল্লির হজরত মাওলানা আহমদ লাট বয়ান করেন।
অজুর পানি ১০ টাকা বদনা : ইজতেমার জুমার নামাজে আসা মুসল্লিরা নামাজের আগে অজু করতে পানির সংকটে পড়েন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ বিভিন্ন সড়কের পাশে অজুর জন্য প্রতি বদনা পানি ১০ টাকা করে বিক্রি হয়েছে।
পেপার-পলিথিন ১০ টাকা : ইজতেমায় জুমার নামাজ আদায়ের জন্য আসা মুসল্লিদের কাছে দুই পাতা খবরের কাগজ ১০ টাকা এবং ১ গজ পলিথিন ১০ টাকা করে বিক্রি হয়েছে।
