ভোট চাওয়া ছাড়া এমপিরা সব করতে পারবেন: তোফায়েল

আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ০২:৩৭ পিএম

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সংসদ সদস্যরা (এমপি) ভোট চাওয়া ছাড়া সব করতে পারবেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের উত্তর সিটি নির্বাচনের প্রধান সমন্বয়ক তোফায়েল আহমেদ।

শনিবার বেলা সাড়ে ১১টায় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে আওয়ামী লীগ প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি এ দাবি করেন।

তবে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি বলেছেন, ‘এমপিরা নির্বাচনী সমন্বয়কের দায়িত্ব পালন করতে পারবে না।’

আওয়ামী লীগের এমপি তোফায়েল আহমেদ বলেন, ‘গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে। এ ব্যাপারে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। যেহেতু আমরা ক্ষমতাসীন দল, আমরা এমন কোনো কাজ করব না যাতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়।’

তিনি বলেন, ‘লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে আমরা আলোচনা করেছি। আচরণবিধির ২২ নম্বর অনুচ্ছেদ নিয়ে আলোচনা হয়েছে। তারা (ইসি) স্বীকার করেছে- আসলে সংজ্ঞার মধ্যে স্ববিরোধিতা রয়েছে, কিন্তু আমাদের কিছু করার নেই। এখন যদি কিছু করি সরকারের জন্য মানুষের চোখে ভালো হবে না, আমাদের চোখেও এটি ভালো হবে না।’

তোফায়েল আহমেদ বলেন, ‘নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার সাহেব সেদিন যে কথা বলেছিলেন, আজকেও বলেছেন- আমি আমার অফিস বা ঘরে বসেও নির্বাচন নিয়ে কোনো কথা বলতে পারব না। উনি ছাড়া সবাই একমত হয়েছে এটা বাস্তবসম্মত নয়।’

তিনি বলেন, ‘আমরা ঘরোয়াভাবে অফিসে বসে বা মহল্লায় গিয়ে কোনো বাসায় বসে মিটিং করতে পারব, এগুলোতে কোনো বাধা নেই। তাদের (ইসি) অনুরোধ আমরা যারা এমপি, তারা যেন ভোট না চাই। কিন্তু আমার সঙ্গে যিনি থাকবেন, তিনি এমপি না হলে ভোট চাইতে পারবেন। এগুলো তারা ক্লিয়ার করেছেন।’

জ্যেষ্ঠ এ আওয়ামী লীগ নেতা বলেন, ‘কারও নামে ওয়ারেন্ট (গ্রেপ্তারি পরোয়ানা) থাকলে আইনপ্রয়োগকারী সংস্থা ব্যবস্থা নেবে, এতে তাদের কিছু করার নেই। সোশ্যাল মিডিয়ায় যে বিভিন্ন রকম অপপ্রচার চলছে, এটা তারা বন্ধ করার উদ্যোগ নেবে।’

‘ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএম সম্পর্কে আমরা বলেছি- এটি সম্পূর্ণ আপনাদের (ইসি) এখতিয়ার। এটা করলেও আমাদের আপত্তি নাই, না করলেও আপত্তি নাই। এমপিরা ভোট চাইতে পারব না। কিন্তু মাহবুব তালুকদার যেটি বলেছেন, ঘরে বসেও কোনো কিছু করতে পারব না, সেটি ঠিক নয়’ যোগ করেন তিনি।

তোফায়েল আহমেদ বলেন, ‘আমরা এমপিরা পথসভায় যাবে না, বাড়ি বাড়ি গিয়ে ক্যাম্পেইন করব না। কিন্তু আমাদের যে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা তো ঘরোয়াভাবে মিটিং করতে পারব। নির্বাচন সংক্রান্ত কোনো ক্যাম্পেইনে যেতে পারব না সেটা আমরা মেনে নিয়েছি। তারা অনুরোধ করেছে এমপিদের ভোট না চাইতে। ভোট চাওয়া ছাড়া আমরা সব করব।’

সিইসির নেতৃত্বে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, ব্রি. জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, মো. রফিকুল ইসলাম ও বেগম কবিতা খানম এবং ঢাকা উত্তর সিটির রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাসেম উপস্থিত ছিলেন।

অন্যদিকে আওয়ামী লীগের প্রতিনিধি দলে অন্যদের মধ্যে প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, উত্তর সিটির মিডিয়া সেলের সদস্য জয়দেব নন্দী উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত