হিন্দিকে ভারতের রাষ্ট্রভাষা বলে সমালোচনার মুখে কঙ্গনা

আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ০৮:৪৪ পিএম

হিন্দি দিবসের দিন একটি ভিডিও পোস্ট করেছিলেন ভারতের অভিনেত্রী কঙ্গনা রানাউত। আর তা করতে গিয়েই বিপদে পড়লেন তিনি। হিন্দিকে সরাসরি ‘রাষ্ট্রভাষা’ আখ্যা দিলেন তিনি। তারপর থেকে নেটদুনিয়ায় সমালোচনার ঝড়।

১০ জানুয়ারি ছিল ‘হিন্দি দিবস’। এই দিনই কঙ্গনার একটি ভিডিও প্রকাশ পায়। আসলে ‘পাঙ্গা’ ছবির প্রোমোশনাল ভিডিও এটি। ভিডিওয় কঙ্গনা ইংরেজি ও হিন্দি ভাষার মধ্যে তুলনা করতে শুরু করেন। 

তখনই কঙ্গনা বলেন, হিন্দি ভারতের ‘রাষ্ট্রভাষা’। কিন্তু ‘রাষ্ট্র’ এই ভাষায় কথা বলতে অস্বস্তি বোধ করে। ‘ABCD’ যে আত্মবিশ্বাসের সঙ্গে বলা হয়, ‘কখগ’ বলার সময় কোথায় থাকে সেই আত্মবিশ্বাস? ইংরেজিতে দুর্বল হলে লজ্জার সীমা থাকে না। কিন্তু হিন্দির ক্ষেত্রে দুর্বলতা কোনও ব্যাপারই নয়। ভাষার নিরিখেই সমাজে মানুষের অবস্থান স্থির হয়। ট্যালেন্টের পরিচিতিও হয় ভাষা দিয়েই।

কঙ্গনা এরপর ভিডিওতে নিজের কথা তুলে ধরেন। জানান, ফিল্ম ইন্ডাস্ট্রিতে হিন্দি বলার জন্য তাকে নিয়ে মজা করা হতো, তার সমালোচনা হতো। কিন্তু এসবের মধ্যে থেকেই কঙ্গনা হিন্দিকে প্রাধান্য দিয়ে এসেছেন। কিন্তু তারপরও তিনি আজ সফল অভিনেত্রী। তাই বাবা-মায়ের কাছে কঙ্গনার অনুরোধ, যেভাবে দেশি খাবার তারা ছেলেমেয়েদের খাওয়ান, সেভাবেই যেন হিন্দি ভাষাও শেখান। ‘মা’ শব্দের মধ্যে যে আন্তরিকতা আছে, তা ‘মম’এর মধ্যে নেই।

এসবই ঠিক ছিল। কঙ্গনা খুব একটা ভুল বলেননি। কিন্তু হিন্দিকে ‘রাষ্ট্রভাষা’ বলাটাই তার ভুল হলো। নেটদুনিয়ায় শুরু হল সমালোচনার ঝড়। নেটিজেনরা বলতে শুরু করেছেন, ভারতে যে কোনো রাষ্ট্রভাষা নেই, তা বোধহয় কঙ্গনা জানেন না। কেউ তো তাকে ‘পড়াশোনা’ করার পরামর্শও দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত