প্রচারের অভাবে ভালো কাজগুলো সামনে আসে না

আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ১০:৫৫ পিএম

কাজী নওশাবা আহমেদ ক্যারিয়ারের শুরু থেকেই বেছে কাজ করেন। মাঝে টিভি নাটকে ব্যস্ত থাকলেও এখন আর সে পথ মাড়াচ্ছেন না। ব্যস্ত থাকতে চান চলচ্চিত্র নিয়ে। সমসাময়িক বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

রাহাত ফাতেহ আলীর গানের মডেল...

রাহাত ফাতেহ আলীর জনপ্রিয়তা নিয়ে বলার মতো কিছু নেই। শুধু এটুকু বলতে চাই- আমাদের সময়কার শিল্পী তিনি। তার সুফি গান শুনে প্রেম কী তা শিখেছি। সেই শিল্পীর গানে মডেল হব, এটা ভাবনার বাইরে ছিল। তিনি কোনোদিন বাংলা গান গাননি, এবারই প্রথম গেয়েছেন আমাদের প্রিয় রুনা লায়লার সুরে। এমন একটি ঐতিহাসিক কাজের সঙ্গে যুক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। আমি এতদিনের অভিনয় ক্যারিয়ারে মাত্র দুটি মিউজিক ভিডিও করলাম। দুটির পরিচালকই শাহরিয়ার পলক। প্রথমে করেছিলাম বেলাল খান আর পূজার গাওয়া ‘অবুঝ পাখি’। এবার রাহাত ফাতেহ আলী খানের ‘ভালোবাসা পর হয়েছে’। এই গানটির শ্যুটিংয়ের মাত্র দুদিন আগেই পলক ভাই ফোনে আমার সিডিউল নেন। তবে তিনি আমাকে বলতে চাননি গানটি কার। পরদিন মিটিং করার সময় যখন রাহাত ফাতেহ আলী খানের নাম বললেন আমি তো বিশ^াসই করতে পারছিলাম না। মাত্র একদিন প্রস্তুতি নিয়েই শ্যুটিং করেছি। পরিচালক ও সহশিল্পী তানভীর আমার ওপর আস্থা রেখেছিলেন। তাই পর্দায় আমাদের কাজটা এমন জীবন্ত মনে হচ্ছে।

 

প্রচারের অভাবে...

আমি কলকাতার অনলাইন স্ট্রিমিং অ্যাপ ‘হৈচৈ’-এর ‘একেন বাবু ও ঢাকা রহস্য’ নামের একটি ওয়েব সিরিজ করেছি সম্প্রতি। সেটি গত বছরে বাংলা ওয়েব সিরিজের মধ্যে সেরা ৫-এ জায়গা পেয়েছে। কিন্তু আমাদের দেশে প্রচারের অভাবে অনেকে হয়তো এ সিরিজটির নামও জানে না। একই বিষয় খেয়াল করেছি রাহাত ফাতেহ আলী খানের গানের ক্ষেত্রে। ফেইসবুক, ম্যাসেঞ্জারে প্রতিদিন দেশ ও কলকাতার অনেক মানুষের কাছ থেকে গানটির জন্য শুভকামনা পাচ্ছি। কিন্তু এত ভালো একটি কাজের তেমন কোনো প্রচার আমাদের দেশে হয়নি। আমি নিজে একজন মুখচোরা মানুষ। নিজের কাজ সম্পর্কে নিজ থেকে বলতে কেমন যেন লাগে। এ গানটি এত ভিউ হয়েছে, এতে আমার অভিনয় এত প্রশংসা পাচ্ছে তার সবই কোনো প্রচার ছাড়াই।

 

শুধ্ইু চলচ্চিত্রে...

আপাতত নাটকে কাজ করার ইচ্ছা নেই। বেশকিছু শর্টফিল্ম করেছি। এ বছর সেগুলো প্রকাশিত হবে। এরমধ্যে রয়েছে ‘আনওয়ান্টেড টুইনস’ ও ‘ন্যাকেড সোল’ অচিরেই প্রকাশিত হবে। শ্যুটিং শেষ হয়েছে বেশ আগেই। এছাড়া কিছু ওয়েব সিরিজের কথা চলছে। চূড়ান্ত হলেই বিস্তারিত জানাব। এর বাইরে আমার ভাবনা ও পরিচালনায় পুতুল নাটক ‘মুক্তি আলোয় আলোয়’ নিয়মিত প্রদর্শনী হচ্ছে। নির্যাতনের শিকার এক কিশোরীর গল্প তুলে ধরা হয়েছে পুতুল চরিত্রের মাধ্যমে। কাজই এরইমধ্যে বেশ সাড়া ফেলেছে। সামনেও এ ধরনের কাজ করার ইচ্ছা আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত