ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি-বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদের নামে সরকারি সম্পত্তি নষ্ট করা হলে উত্তরপ্রদেশের মতো এই রাজ্যেও গুলি চালানো হবে।
রবিবার সন্ধ্যায় নদীয়ার রানাঘাটে অভিনন্দন যাত্রা এক জনসভায় তিনি এ হুঁশিয়ারি দেন বলে জানিয়েছে সংবাদ প্রতিদিন।
বিজেপির এই সাংসদ বলেন, ‘এই রাজ্যে একটাও গুলি চলেনি, লাঠি চলেনি, এফআইআর হয়নি। কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। কিন্তু কেন করেনি? কারও বাপের সম্পত্তি নাকি?’
তিনি বলেন, ‘আসাম, উত্তরপ্রদেশ ও কর্নাটকে এই শয়তানদের আমাদের সরকার গুলি করে মেরেছে কুকুরের মতো। তুলে নিয়ে গিয়ে কেস দিয়েছে। ওরা এখানে আসবে, খাবে আর এখানকার সম্পত্তি নষ্ট করবে? জমিদারি পেয়েছ নাকি? লাঠিও মারব, গুলিও করব, জেলেও পাঠাবো। আর তাই করেছে আমাদের সরকার।’
বিজেপির রাজ্য সভাপতি আরও বলেন, ‘যারা হিন্দু বিরোধিতা করছে, বাঙালি বিরোধিতা করছে, তাদের চিনে রাখুন। সারা ভারতে দুই কোটি মুসলমান অনুপ্রবেশকারী রয়েছে। তার মধ্যে এই রাজ্যে রয়েছে এক কোটি। তাদের ভোটের জন্য দিদিমণি (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন।’
‘কিন্তু তাতে কোনো লাভ হবে না। আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি দুইশ’ আসন পাবে’ যোগ করেন আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ।
উল্লেখ্য, বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন এবং নাগরিকত্ব তালিকার বিরুদ্ধে ভারতে চলমান বিক্ষোভে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে কমপক্ষে ২৫ জন বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশের। বিক্ষোভকারীদের সম্পত্তি ক্রোক করতেও শুরু করেছে রাজ্য সরকার।
