দেশ ছাড়ছেন ইরানের একমাত্র নারী অলিম্পিক পদকজয়ী

আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ১১:৫৯ এএম

‘নির্যাতিত’ আর ‘প্রোপাগান্ডার হাতিয়ার’ হিসেবে ব্যবহৃত হয়ে ইরান ছেড়ে ইউরোপে পাড়ি দেওয়ার ঘোষণা দিয়েছেন অলিম্পিকে দেশটির একমাত্র নারী পদকজয়ী কিমিয়া আলিজাদেহ।

তায়েকান্দো তারকা কিমিয়া ২০১৬ সালের রিও অলিম্পিকে ব্রোঞ্জ জেতেন। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ইরানের রাজনৈতিক এবং সামাজিক অবস্থার সমালোচনা করে দেশ ছাড়ার ঘোষণা দেন।

ফারসিতে লেখা এক টুইটার পোস্টে ২১ বছর বয়সী এই তরুণী বলেন, ‘কেউ আমাকে ইউরোপে আমন্ত্রণ জানায়নি। কোনো প্রস্তাবেও প্রলুব্ধ হইনি। এই ব্যথা এবং হোমসিকনেস গ্রহণ করে আমি ভণ্ডামির অংশ হতে চাচ্ছি না।’

‘ইরানের লাখ লাখ নির্যাতিত নারীদের মধ্যে আমি একজন, যারা বছরের পর বছর এসব সহ্য করছে। আমি তাই পরেছি যা তারা বলেছে, নির্দেশ দিয়েছে। যা বলতে বলেছে তাই বলতে বাধ্য হয়েছি।’

‘আমাদের কেউই তাদের কাছে গুরুত্বের নয়, আমরা জাস্ট প্রোপাগান্ডা ছড়ানোর হাতিয়ার।’

কিমিয়া ঠিক কোন দেশে যাচ্ছেন, সেটি স্পষ্ট করেননি। তবে কিছুদিন আগে দেশটির একটি গণমাধ্যম জানিয়েছিল, পদকজয়ী এই তরুণী নেদারল্যান্ডসের নাগরিকত্ব গ্রহণ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত