হত্যার পর মহাসড়কে নৈশ প্রহরীর ছিন্নভিন্ন লাশ

আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ০৭:০৪ পিএম

কুমিল্লা চান্দিনা উপজেলায় মো. নাছির উদ্দিন (২৬) নামে এক নৈশ প্রহরীকে হত্যার পর তার লাশ কয়েক টুকরা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছড়িয়ে রাখা হয়। তার খণ্ডিত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

সোমবার ভোররে উপজেলার মাধাইয়া ইউনিয়নের নাওতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাছির উদ্দিন চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের নাওতলা গ্রামের রবিউল্লাহর ছেলে। তিনি তিন বছর ধরে নাওতলা সিনিয়র আলিম মাদ্রাসা পার্শ্ববর্তী মহাসড়কের দক্ষিণ পাশে বাচ্চু চেয়ারম্যান মার্কেটে পিতা রবিউল্লাহর পরিবর্তে মাঝে মাঝে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করতেন। তার স্ত্রী ও এক মেয়ে রয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে বাচ্চু চেয়ারম্যান মার্কেটে ছোট একটি দোকানে ব্যবসার পাশাপাশি রাতে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করেন নিহতের বাবা রবিউল্লাহ। বাবার অসুস্থ থাকায় এদিন নৈশ প্রহরীর দায়িত্ব পালন করেন নাছির। সোমবার ভোরবেলা নাছিরের বাবা দোকানের সামনে এসে রক্ত দেখে হাউমাউ করে চিৎকার শুরু করেন। তার চিৎকারে পাশের লোকজন ছুটে এসে চারদিক খুঁজতে গিয়ে মহাসড়কে পাশে শরীরের বিভিন্ন অঙ্গ পড়ে থাকতে দেখেন।

চান্দিনা থানা পুলিশ ও ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ছিন্নবিচ্ছিন্ন দেহটি উদ্ধার করেছেন।

এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে।

খবর পেয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার শাখাওয়াত হোসেন, মহাসড়ক পুলিশ, চান্দিনা থানার পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে যান।

পুলিশ বলছে, নাছিরকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করার পর লাশ কয়েক টুকরো করে মহাসড়কে ফেলে দেয় দুর্বৃত্তরা। পরে বিভিন্ন যানবাহনের চাকায় পিষ্ট হয়ে মহাসড়কের বিভিন্ন অংশে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে লাশের টুকরোগুলো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত