বাংলাদেশের ইতিহাসের অন্যতম ক্ল্যাসিক চলচ্চিত্র ‘ঘুড্ডি’র নির্মাতা সৈয়দ সালাহউদ্দীন জাকি ঘোষণা দিলেন নতুন সিনেমা নির্মাণের। আর এই সিনেমাটি হতে যাচ্ছে ‘ঘুড্ডি’ সিনেমার সিক্যুয়াল। ফলে ‘ঘুড্ডি’ যেখানে শেষ সেখানেই শুরু হচ্ছে সালাহউদ্দিন জাকীর নতুন সিনেমা ‘ক্রান্তিকাল’। ‘ঘুড্ডি’ নির্মাণের চল্লিশ বছর পর এসে তার সিক্যুয়াল নির্মাণ নিঃসন্দেহে সিনেমাপ্রেমীদের জন্য আনন্দের খবর।
১৩ জানুয়ারি সন্ধ্যায় ঢাকা ক্লাবে এক ঘরোয়া সংবাদ সম্মেলনে সৈয়দ সালাহউদ্দিন জাকি নিজের নতুন সিনেমা নির্মাণের ঘোষণা দিয়ে বলেন, ‘ঘুড্ডি’ যেখানে শেষ হয়েছে সেখান থেকেই এটা নির্মাণ করতে চাই। আশির দশক থেকে বর্তমান সময়টা আমার সিনেমায় ধরতে চাই। এ কারণে সময়টাকে কেন্দ্র করেই সিনেমার প্রাথমিক নাম নির্ধারণ করেছি ‘ক্রান্তিকাল’। নাম চেঞ্জও হতে পারে। তবে যদ্দুর সম্ভব এই নামটাই থেকে যেতে পারে। বাকিটা পরে দেখা যাবে।’
ছবিটি কি পলিটিক্যাল কিনা? উত্তরে সালাহউদ্দিন জাকি জানালেন 'আমাদের আশেপাশের কোন বিষয়টা পলিটিক্যাল বিষয় না। একটু আধটু খোঁচা তো থাকবেই।’
ছবির নায়ক-নায়িকা হিসেবে নতুনদের প্রাধান্য দেবেন বলে জানালেন এই নির্মাতা। এজন্য অডিশনের আয়োজনও করবেন। এ ছবির নায়কের নাম হবে ঋষি। খলনায়কও নেওয়া হবে আশপাশ থেকে।
এদিকে কবে নাগাদ শুটিং শুরু হবে? জানতে চাইলে পরিচালক বলেন, ‘স্ক্রিপ্ট-সহ সবকিছু গুছিয়ে নিতে একটু সময় লাগবে। মাস খানেকের মতো তো লাগবেই। তবে দুই তিন মাসের মধ্যেই সিনেমাটির শুটিং শুরু হবে এটুকু বলা যায়।’
উল্লেখ্য, ১৯৮০ সালের ১৯ ডিসেম্বর মুক্তি পায় সৈয়দ সালাহউদ্দিন জাকি’র প্রথম চলচ্চিত্র ‘ঘুড্ডি’। এতে প্রধান ভূমিকায় অভিনয় করেন সুবর্ণা মোস্তাফা ও রাইসুল ইসলাম আসাদ। আরও অভিনয় করেন, নাসির উদ্দীন ইউসুফ, তারিক আনাম খান, নায়লা আজাদ নূপুর, সৈয়দ হাসান ইমাম প্রমুখ। ছবিটি ওই সময় জাতীয় চলচ্চিত্র পুরস্কারে দুটি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয়।
